গাজা খাঁড়ি এলাকায় দুর্ভিক্ষ ও অনাহার এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে, ত্রাণ বিলি শুরু হওয়ার আগেই সেখানে হাজারে হাজারে মানুষ জড়ো হয়েছিলেন।

বহু লোক গুদামঘরের দরজা-জানালা ভেঙে ভিতরে ঢুকে আটা সহ খাবারের বস্তা ও প্যাকেট কেড়ে নেওয়ার চেষ্টা শুরু করেন।
শেষ আপডেট: 29 May 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো: খিদের জ্বালায় রাষ্ট্রসঙ্ঘের ত্রাণসাহায্যের গুদামঘরে লুটপাট চালালেন অসহায় প্যালেস্তিনীয়রা। ইজরায়েলি হানায় বিপর্যস্ত গাজা খাঁড়ি এলাকায় দুর্ভিক্ষ ও অনাহার এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে, ত্রাণ বিলি শুরু হওয়ার আগেই সেখানে হাজারে হাজারে মানুষ জড়ো হয়েছিলেন। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি শুরু হতেই বহু লোক গুদামঘরের দরজা-জানালা ভেঙে ভিতরে ঢুকে আটা সহ খাবারের বস্তা ও প্যাকেট কেড়ে নেওয়ার চেষ্টা শুরু করেন। আর সেখানেই পদপিষ্ট হয়ে হতাহত হন বহু।
রাষ্ট্রসঙ্ঘের অধীন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অন্তর্গত ওই গুদামঘরে দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য খাবার ও অন্যান্য সামগ্রী মজুত করে রাখা ছিল। ডের আল-বালাহ্ এলাকার আল-গাফারি মজুত ভাণ্ডার লুট করা হয়েছে ডব্লুএফপি এক বিবৃতি জানিয়েছে। অন্তত দুজনের পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর মিলেছে। জখমের সংখ্যা অগুনতি।
বিবৃতি বলা হয়েছে, খাবার বণ্টন করা হবে এই খবর পেয়ে ঘণ্টার পর ঘণ্টা আগে থেকে প্যালেস্তিনীয়রা সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন। তবে কী করে লাইন ভেঙে মানুষ লুটপাট করতে গেট ও জানালা ভেঙে ঢুকে পড়ে সে কারণ এখনও অজ্ঞাত। মনে করা হচ্ছে, খিদের চোটে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় জনতা অশান্ত হয়ে পড়ে।
এই ঘটনার অসংখ্য ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। গুদামের ভিতর থেকে অনাহারক্লিষ্ট মানুষ যে যা পেরেছেন তা বুকে আঁকড়ে, মাথায় করে নিয়ে পালানোর চেষ্টা করেন। তা দেখে যাঁরা কিছু পাননি, তাঁরা কেড়ে নেওয়ার চেষ্টা করতে গেলে মারামারিও বাধে। একটি ভিডিওতে দেখা গিয়েছে সারা মুখ রক্তে ভেসে যাচ্ছে, এমন অবস্থায় এক ব্যক্তি আটার বস্তা মাথায় করে দৌড়চ্ছেন।
দখলীকৃত এলাকার সরকারি প্রচার অফিসের তরফে বলা হয়েছে, খেতে না পাওয়া এই প্যালেস্তিনীয়দের ছেড়ে কথা বলেনি ইজরায়েলি সেনা। গত ৪৮ ঘণ্টায় ত্রাণসাহায্য নিতে যাওয়া অন্তত ১০ জনকে নির্বিচারে গুলি করে মেরেছে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ক্ষুধার্ত প্যালেস্তিনীয় নাগরিকদের উপর এলোপাথাড়ি গুলি চালিয়েছে ইজরায়েলি বাহিনী। ১০ জনের মৃত্যু ছাড়াও ৬২ জন জখম হয়েছেন।