২২ মাস ধরে ইজরায়েল-হামাস সংঘাত জারি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আত্মসমর্পণ না করলে ধ্বংস করে দেওয়া হবে!

ফাইল ছবি
শেষ আপডেট: 18 August 2025 22:44
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল-গাজা সংঘাতে (Israel Hamas Conflict) নতুন মোড়। সূত্র মারফৎ জানা গেছে, হামাস নতুন যুদ্ধবিরতির প্রস্তাব (Ceasefire) মানতে রাজি হয়েছে। সোমবার এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, হামাসের এক প্রতিনিধি কোনও সংশোধন ছাড়াই ওই প্রস্তাবে সম্মতি দিয়েছে।
নতুন যে যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে তাতে অন্তত ৬০ দিনের জন্য যুদ্ধ বন্ধ থাকবে। এই সময়ে কমপক্ষে ১০ জন ইজরায়েলি বন্দি মুক্তি পাবে, পাশাপাশি কয়েকজনের মৃতদেহও হস্তান্তর করা হবে। ইজরায়েল অবশ্য এখনও এই প্রস্তাবের সপক্ষে বা বিপক্ষে কোনও জবাব দেয়নি। তাই গোটা বিষয়টি চূড়ান্ত হওয়া এখন তাদের হাতে।
২২ মাস ধরে ইজরায়েল-হামাস সংঘাত জারি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আত্মসমর্পণ না করলে ধ্বংস করে দেওয়া হবে! এর আগে ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) জানিয়েছিলেন, সব বন্দিকে একসঙ্গে মুক্তি দেওয়ার শর্তেই যুদ্ধ থামাতে রাজি হবে তাঁরা। এখন দেখার এই যুদ্ধবিরতি প্রস্তাবের ভবিষ্যৎ কী হয়।
২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ইজরায়েলে নিহত হন ১ হাজার ২১৯ জন এবং ২৫১ জনকে বন্দি করা হয়। ইজরায়েলের দাবি, এখনও গাজায় আটক রয়েছেন ৪৯ জন, তাঁদের মধ্যে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।
অন্যদিকে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, সোমবার অন্তত ১১ জন নিহত হয়েছেন ইজরায়েলি হামলায়। এর মধ্যে দক্ষিণ গাজায় ছ’জন। যদিও ইজরায়েলি সেনা দাবি করেছে, দক্ষিণাঞ্চলে তাদের গুলিতে কারও মৃত্যু হয়নি।