সিয়াটলের সিটি অ্যাটর্নি (Seattle City Attorny) এরিকা ইভান্স এক বিবৃতিতে বলেন, “জাহ্নবী কান্ডুলার মৃত্যু হৃদয়বিদারক। এই আর্থিক সমঝোতা কান্ডুলা পরিবারকে কিছুটা হলেও সান্ত্বনা দেবে বলে আশা করি।"

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 12 February 2026 13:44
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার সিয়াটলে (America Seattle) পুলিশ গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ভারতীয় ছাত্রী জাহ্নবী কান্ডুলার (২৩)। সেই ঘটনায় তাঁর পরিবারের সঙ্গে ২৯ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৬২ কোটি টাকা) ক্ষতিপূরণের সমঝোতায় পৌঁছল সিয়াটল শহর কর্তৃপক্ষ।
২০২৩ সালে মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটে (Accident)। পুলিশ অফিসার কেভিন ডেভ একটি মাদক-অতিরিক্ত সেবনের কল পেয়ে ঘটনাস্থলে যাচ্ছিলেন। সে সময় তাঁর গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ৭৪ মাইল (১১৯ কিমি), যেখানে নির্ধারিত সীমা ছিল ২৫ মাইল (৪০ কিমি)। গাড়িতে জরুরি আলো জ্বলছিল এবং মোড়ে মোড়ে সাইরেন বাজানো হচ্ছিল বলে জানা যায়। রাস্তা পার হওয়ার সময় জাহ্নবীকে ধাক্কা মারে গাড়িটি (Jaahnavi Kandula)।
সিয়াটলের সিটি অ্যাটর্নি (Seattle City Attorny) এরিকা ইভান্স এক বিবৃতিতে বলেন, “জাহ্নবী কান্ডুলার মৃত্যু হৃদয়বিদারক। এই আর্থিক সমঝোতা কান্ডুলা পরিবারকে কিছুটা হলেও সান্ত্বনা দেবে বলে আশা করি। জাহ্নবীর জীবন তাঁর পরিবার, বন্ধু এবং আমাদের সম্প্রদায়ের কাছে অবশ্যই মূল্যবান ছিল।”
জাহ্নবী সিয়াটলে নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের (North Eastern University) তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা (ইনফরমেশন সিস্টেমস) বিভাগে স্নাতকোত্তর ডিগ্রির পড়াশোনা করছিলেন। ঘটনার পর প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে, বিশেষত আর এক পুলিশ অফিসারের বডি-ক্যামেরার রেকর্ডিং সামনে আসার পর। সেখানে ওই অফিসারকে হাসতে শোনা যায় এবং তিনি জাহ্নবীর জীবনের “সীমিত মূল্য” নিয়ে মন্তব্য করেন ও শহর কর্তৃপক্ষকে “চেক লিখে দেওয়ার” পরামর্শ দেন। এই মন্তব্য নিয়ে বিতর্কের জেরে ওই অফিসার ড্যানিয়েল অডেরারকে বরখাস্ত করা হয়। তিনি অবশ্য দাবি করেন, তাঁর মন্তব্য ছিল আইনজীবীদের সম্ভাব্য প্রতিক্রিয়ার সমালোচনা হিসেবে। বর্তমানে তিনি বরখাস্তের বিরুদ্ধে মামলা করেছেন।
অন্যদিকে, গাড়িচালক অফিসার কেভিন ডেভকেও বরখাস্ত করা হয়েছে। অবহেলাজনিত গাড়ি চালানোর অভিযোগে তাঁকে ৫ হাজার ডলার জরিমানা (Fine) করা হয়। তবে কিং কাউন্টির প্রসিকিউটররা তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেননি। তাঁদের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা অগ্রাহ্য করা হয়েছে— তা প্রমাণ করা যায়নি। চুক্তির প্রায় ২০ মিলিয়ন ডলার শহর কর্তৃপক্ষের বিমা থেকে মেটানো হবে বলে জানা গিয়েছে। গত শুক্রবার কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে সমঝোতার নোটিস দাখিল করা হয়েছে।