মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী সপ্তাহে পাকিস্তানের এক প্রতিনিধি দল আমেরিকায় আসছে।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 31 May 2025 11:45
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির (India Pakistan Ceasefire) কৃতিত্ব নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জানিয়েছিলেন, দুই দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক মজবুত করতে চান তিনি। ট্রাম্পের এও বক্তব্য ছিল, ভারত-পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করবেন বলে প্রস্তাব দিয়েছেন তিনি এবং তাতেই দুই পক্ষ খুশি হয়ে সংঘাত বন্ধ করেছে। সেই বাণিজ্য সংক্রান্ত কথাবার্তা শুরু হলে বলে!
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী সপ্তাহে পাকিস্তানের এক প্রতিনিধি দল (Pakistan Representative) আমেরিকায় আসছে। তাঁদের সঙ্গে তিনি বাণিজ্য সম্পর্কে কথা বলবেন। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ট্রাম্প বলেন, ''আমি আগেই জানিয়েছিলাম দুই দেশের সঙ্গে বাণিজ্য করতে চাই। তবে সংঘাত না বন্ধ করতে এটা হত না। আগামী সপ্তাহেই পাকিস্তানের প্রতিনিধি দল আমেরিকায় আসছে। শুল্ক সহ বাণিজ্য নিয়ে কথা হবে।'' তাহলে ভারতকে নিয়ে কী অবস্থান নিচ্ছে আমেরিকা?
ভারতের তরফে এই নিয়ে কোনও মন্তব্য না করা হলেও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত চুক্তি শুধু সময়ের অপেক্ষা। পাকিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা পর্ব মিটলেই নাকি ভারতের সঙ্গে কথা হবে। যদিও বিষয়টি এখন কোন পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা করার আগেই ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েছিলেন। বলেছিলেন, তাঁর সঙ্গে রাতভর আলোচনার পর দুই পক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ দিনের কাশ্মীর সমস্যা নিয়েও মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। যদিও ভারতের তরফে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু। এতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
কিন্তু ট্রাম্প আছেন ট্রাম্পেই। ভারত-পাক যুদ্ধবিরতি হয়ে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত একাধিকবার সংঘাত আটকানোর কৃতিত্ব নিয়েছেন তিনি। এবার তো পাকিস্তানের প্রতিনিধিদের মার্কিন সফরের খবরও দিলেন! এটাই দেখার আদৌ ভারত থেকে কেউ আমেরিকা সফর করে কিনা।