ইরান ও ইজরায়েলের সংঘাতের মধ্যেই এই বিতর্ক সামনে এসেছে। সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ফেব্রুয়ারির শেষ দিকে তেহরানের একটি কম্পাউন্ডে হামলায় খামেনেই গুরুতর আহত হন। সেই হামলায় তাঁর বাবা, ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই সহ পরিবারের কয়েকজন সদস্যের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়।

ডোনাল্ড ট্রাম্প এবং মোজতবা খামেনেই
শেষ আপডেট: 13 March 2026 11:04
দ্য ওয়াল ব্যুরো: ইরানের নতুন সর্বোচ্চ নেতা (Iran Supreme Leader) মোজতবা খামেনেইকে (Mojtaba Khamenei) ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা বাড়ছে। সাম্প্রতিক হামলায় তিনি গুরুতর জখম হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি উঠলেও, তিনি সম্ভবত এখনও জীবিত আছেন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।
একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাঁর ধারণা খামেনেই হয়তো গুরুতরভাবে আহত হয়েছেন, কিন্তু তিনি কোনও না কোনও ভাবে এখনও বেঁচে আছেন!
ইরান ও ইজরায়েলের সংঘাতের (Iran Israel Conflict) মধ্যেই এই বিতর্ক সামনে এসেছে। সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ফেব্রুয়ারির শেষ দিকে তেহরানের একটি কম্পাউন্ডে হামলায় খামেনেই গুরুতর আহত হন। সেই হামলায় তাঁর বাবা, ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই সহ পরিবারের কয়েকজন সদস্যের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়। একই সঙ্গে জানা যায়, ওই হামলায় মোজতবা খামেনেই নিজেও গুরুতরভাবে আহত হন এবং তিনি কোমায় থাকতে পারেন।
যুদ্ধ শুরুর পর থেকেই নতুন ইরানি নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। তাঁর প্রথম সরকারি বক্তব্যও সরাসরি ভাষণ হিসেবে নয়, লিখিত বার্তার আকারে প্রকাশিত হয়। সেই বার্তায় তিনি স্পষ্ট করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিরুদ্ধে চলা সংঘাত থেকে ইরান পিছিয়ে আসবে না। তাঁর কথায়, নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়া থেকে ইরান বিরত থাকবে না।
এছাড়া তিনি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলির বিরুদ্ধে চাপ তৈরির কৌশল হিসেবে হামলা চালিয়ে যাওয়ার কথাও বলেন বলে জানা গেছে। তিনি উপসাগরীয় অঞ্চলের মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বানও জানান এবং বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে সুরক্ষার প্রতিশ্রুতি দেয় তা বাস্তবে বিশ্বাসযোগ্য নয়।
এদিকে মোজতবার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি সামনে আসছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক হামলায় তিনি অন্তত একটি পা হারিয়েছেন এবং পেট বা যকৃতে গুরুতর আঘাত পেয়েছেন। ওই হামলায় তাঁর স্ত্রী, এক বোনের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এর আগেই এক ইরানি কূটনীতিক জানিয়েছিলেন, সংঘাতের প্রথম দফার হামলায় খামেনেই পায়ে ও হাতে আঘাত পেয়েছিলেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে থাকতে পারেন। তবে তাঁর প্রকৃত অবস্থা নিয়ে এখনও স্পষ্ট কোনও সরকারি তথ্য প্রকাশ্যে আসেনি।
এদিকে নতুন নেতাকে সামনে না দেখা গেলেও তাঁর প্রতি আনুগত্য প্রকাশের দৃশ্য সামনে আসছে। রাজধানী তেহরানের ভ্যালিয়াসর স্কোয়ারে একটি বিশাল দেওয়ালচিত্র তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রয়াত নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Ayatolla Ali Khamenei) তাঁর হাতে পতাকা তুলে দিচ্ছেন। সেই দৃশ্যের উপর নজর রাখছেন ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহোল্লাহ খোমেইনি। বিশ্লেষকদের মতে, এই চিত্রের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরকে স্বাভাবিক ও ধারাবাহিক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে শাসকগোষ্ঠী।