সম্প্রতি আমেরিকা যুদ্ধবিরতির একটি প্রস্তাব রেখেছিল হামাসের কাছে। কিন্তু তা পত্রপাট খারিজ করে দেয় হামাস।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 26 July 2025 12:26
দ্য ওয়াল ব্যুরো: হামাস (Hamas) শান্তি চায় না, তাই শক্তি প্রয়োগ করেই কাজ সেরে ফেলতে হবে! ইজরায়েলকে (Israel) এমন বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর স্পষ্ট কথা, ‘‘হামাস আদৌ কোনও শান্তিচুক্তি চায় না। মনে হচ্ছে ওরা মৃত্যুই চায়। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে আর বসে থাকলে চলবে না।’’
সম্প্রতি আমেরিকা যুদ্ধবিরতির একটি প্রস্তাব রেখেছিল হামাসের কাছে। কিন্তু তা পত্রপাট খারিজ করে দেয় হামাস। তাৎপর্যপূর্ণভাবে, এর পরেই আরও বেশি সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, হামাসের সিদ্ধান্ত থেকেই পরিষ্কার, সংগঠনটির আসল উদ্দেশ্য শান্তি নয়। তিনি এও মনে করেন, শান্তিচুক্তির প্রস্তাব খারিজ করে দেওয়ার অর্থ হামাস ভবিষ্যতেও হিংসা চালিয়ে যেতে চায়।
ট্রাম্পের এও বক্তব্য, শেষ কয়েকজন বন্দির মুক্তির জন্য আলোচনা চলছিল হামাসের সঙ্গে। ওরা জানে বন্দিরা ছাড়া পেলে এরপর কী হবে। তাই ইচ্ছে করেই আলোচনায় রাজি হয়নি। এই পরিপ্রেক্ষিতেই মার্কিন প্রেসিডেন্ট ইজরায়েলকে বার্তা দেন, 'লড়াই করেই হামাস-সাফ করতে হবে। এখন যুদ্ধই একমাত্র পথ।'
অন্যদিকে, নেতানিয়াহু জানিয়েছেন, গাজা থেকে বন্দিদের ফেরানো এবং হামাসের শাসনের অবসান ঘটাতে ইজরায়েল এখন 'বিকল্প' কৌশল বিবেচনা করছে।
এদিকে গাজায় চলছে লাগাতার হামলা। শুক্রবার ইজরায়েলি বিমানহানা এবং গুলিতে নিহত হয়েছেন অন্তত ২১ জন, যার মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে গাজা সিটির একটি স্কুলে আশ্রয় নেওয়া অবস্থায়। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক আদম আবু হারবিদ। ‘প্রেস’ লেখা ফ্ল্যাক জ্যাকেট তাঁর মৃতদেহের উপর ঢেকে রাস্তায় মিছিল করে নিয়ে যাওয়া হয়।
হামাসের নেতৃত্বে ইজরায়েল সীমান্তে হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে বন্দি করা হয়। তার জবাবে ইজরায়েলের লাগাতার অভিযানে এখনও পর্যন্ত গাজায় প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সেখানকার স্বাস্থ্য দফতর। গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।