সর্বশেষ খবর অনুযায়ী, দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য হতাহতের সংখ্যা নিয়ে এখনও সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 July 2025 13:13
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ অবশেষে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই এলাকায় একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিমানের জ্বলন্ত ধ্বংসস্তূপ খুঁজে পেয়েছে। বিমানের কোনও যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই, দুর্ঘটনার ভয়াবহতায় এমনটাই আশঙ্কা করছে প্রশাসন।
রুশ বিমান নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছিল, ‘আন-২৪’ মডেলের এই বিমানটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৫০ জন যাত্রী নিয়ে র্যাডার থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। সাইবেরিয়া এয়ারলাইন ‘আঙ্গারা’র বিমানটির গন্তব্য ছিল চিন সীমান্তঘেঁষা টাইন্ডা শহর।
রাশিয়ার স্থানীয় দুর্যোগ মোকাবিলা মন্ত্রক জানিয়েছে, বিমানটি গন্তব্যের একেবারে কাছাকাছি পৌঁছেই র্যাডার থেকে হারিয়ে যায়। এক রুশ সংবাদ সংস্থা সূত্র জানিয়েছিল, “টাইন্ডা বিমানবন্দরের কয়েক কিলোমিটার আগেই নির্ধারিত এক চেকপয়েন্টে এসে বিমানটির যোগাযোগ ব্যবস্থা ব্যর্থ হয়।”
আমুর অঞ্চলের রাজ্যপাল ভাসিলি অরলভ আগেই জানিয়েছেন, বিমানে ওই মুহূর্তে ৪৩ জন যাত্রী ছিলেন, তার মধ্যে ৫ জন শিশু, এবং ৬ জন ক্রু সদস্য।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক তল্লাশি শুরু হয়। তারই পরিপ্রেক্ষিতে উদ্ধারকারী বাহিনী একটি পুড়ে যাওয়া বিমানের অংশবিশেষ চিহ্নিত করে।
সর্বশেষ খবর অনুযায়ী, দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য হতাহতের সংখ্যা নিয়ে এখনও সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। উদ্ধার অভিযান এখনও চলছে।
তবে এক রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, খারাপ দৃশ্যমানতা এবং অবতরণের সময় ক্রুদের ভুল সিদ্ধান্ত এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।
আন্তোনভ আন-২৪ বিমানটি তৈরি হয়েছিল ১৯৫০-এর দশকে। রাশিয়ায় এটি বহুল ব্যবহৃত একটি মডেল, যা যাত্রী পরিবহণের পাশাপাশি কার্গো বিমান হিসেবেও ব্যবহৃত হয়। আজ পর্যন্ত ১,০০০-এরও বেশি ইউনিট তৈরি হয়েছে।