স্বাধীনতা দিবসের উৎসবের মধ্যেই আবার ডাকাতির ঘটনা ঘটেছে! তা ঠেকাতে গিয়ে আলাদা করে আরও পাঁচজন নিহত হন।

ফাইল ছবি
শেষ আপডেট: 14 August 2025 08:27
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) করাচিতে স্বাধীনতা দিবসের রাতে বেপরোয়া গুলিতে (Gunshot) প্রাণ গেল অন্তত ৮ জনের - যার মধ্যে রয়েছেন এক প্রবীণ নাগরিক ও আট বছরের এক শিশু। শহরের নানা প্রান্তে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন কমপক্ষে ৬৪ জন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর এমনটাই।
জানা গেছে, আজিজাবাদে গুলি লেগে মারা যায় শিশুটি। করাঙ্গিতে নিহত হন স্টিফেন নামে এক ব্যক্তি। পুলিশের তথ্য অনুযায়ী, লিয়াকতাবাদ, করাঙ্গি, লিয়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কিমারি, জ্যাকসন, বালদিয়া, ওরাঙ্গি টাউন ও পাপোশ নগর - এসব এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। এছাড়া শরিফাবাদ, নর্থ নজিমাবাদ, সুরজানি টাউন, জামান টাউন ও লান্ধিতেও স্বাধীনতা উদযাপনে গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে।
স্বাধীনতা দিবসের উৎসবের মধ্যেই আবার ডাকাতির (Robbery) ঘটনা ঘটেছে! তা ঠেকাতে গিয়ে আলাদা করে আরও পাঁচজন নিহত হন। আহতদের সিভিল, জিন্নাহ, আব্বাসি শাহিদ হাসপাতালসহ গুলিস্তান-ই-জওহরের একাধিক বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন এলাকা থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ ২০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
করাচিতে উৎসবের রাতে গুলি ছোঁড়ার প্রাণঘাতী প্রবণতা নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতে শুধু এক মাসেই গুলি চালানোর ঘটনায় মারা গেছিলেন ৪২ জন, আহত হয়েছিলেন ২৩৩ জন। ২০২৪ সালে একই ভাবে আহত হন অন্তত ৯৫ জন, আগের বছর সেই সংখ্যা ছিল ৮০।