আরব দুনিয়ায় চলা যুদ্ধের জেরে সেখানকার ভারতীয় স্কুল নিয়ে বড় সিদ্ধান্ত নিল সিবিএসই। বাহরিন, কুয়েত, কাতার-সহ একাধিক দেশে বাতিল করা হল দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 March 2026 11:45
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বড় সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education)। ওই অঞ্চলের একাধিক দেশে সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে। রবিবার, ১৫ মার্চ জারি করা এক সার্কুলারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বোর্ড।
১৬ মার্চ থেকে ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত নির্ধারিত দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে বাহরিন (Bahrain), ইরান (Iran), কুয়েত (Kuwait), ওমান (Oman), কাতার (Qatar), সৌদি আরব (Saudi Arabia) এবং সংযুক্ত আরব আমিরশাহিতে (United Arab Emirates) অবস্থিত সিবিএসই অনুমোদিত (CBSE-affiliated) স্কুলগুলিতে। আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে।
এছাড়াও বোর্ড জানিয়েছে, এর আগে যে সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল সেগুলোও আর হবে না। ১ মার্চ, ৩ মার্চ, ৫ মার্চ, ৭ মার্চ এবং ৯ মার্চ জারি করা বিভিন্ন বিজ্ঞপ্তিতে যে পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছিল, সেগুলিও সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
সিবিএসই-র পরীক্ষা নিয়ন্ত্রক (Controller of Examinations) সন্যম ভরদ্বাজ (Sanyam Bhardwaj) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রভাবিত ছাত্রছাত্রীদের ফল কীভাবে ঘোষণা করা হবে তা পরে আলাদা করে জানানো হবে। বোর্ডের বক্তব্য, “আগের বিভিন্ন সার্কুলারে যে পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছিল, সেগুলিও এখন বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট দেশগুলির দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের ফল প্রকাশের পদ্ধতি পরবর্তী সময়ে জানানো হবে।”
উল্লেখ্য, আরব দুনিয়ার পরিস্থিতি ঘিরে শিক্ষা ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এর আগে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনসও (Council for the Indian School Certificate Examinations বা CISCE) একই ধরনের পদক্ষেপ করেছিল। সংযুক্ত আরব আমিরশাহির সব পরীক্ষাকেন্দ্রে ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (ICSE) এবং ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (ISC) বোর্ড পরীক্ষা বাতিল করে।
ফলে আরব দুনিয়ার একাধিক দেশে ভারতীয় পাঠক্রমে পড়া বহু ছাত্রছাত্রীর বোর্ড পরীক্ষা এখন অনিশ্চয়তার মুখে। তবে পরীক্ষার পরিবর্তে ফল ঘোষণার জন্য কী পদ্ধতি নেওয়া হবে, সে বিষয়ে সিবিএসইর তরফে শিগগিরই বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।