রক্তাক্ত শনিবারের সেই ট্রেন এখন পুলিশ হেফাজতে, তদন্তে নেমেছে সন্ত্রাসবিরোধী ইউনিট। কিন্তু প্রশ্ন একটাই, এই বীভৎস গণহামলার পেছনে উদ্দেশ্য কী?

ফাইল ছবি
শেষ আপডেট: 2 November 2025 11:17
দ্য ওয়াল ব্যুরো: লন্ডনগামী ট্রেনে ঘটে গেল রক্তাক্ত কাণ্ড। শনিবার সন্ধ্যায় চলন্ত ট্রেনের ভিতর ছুরি হাতে হামলা চালায় দুই ব্যক্তি। ঘটনায় জখম অন্তত ১০ জন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের (British Transport Police) তরফে জানানো হয়েছে, ট্রেনটি ডনকাস্টার (Doncaster) থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশন (King’s Cross Station) যাওয়ার পথে হামলার ঘটনাটি ঘটে। সন্ধে সাড়ে ৭টা নাগাদ পিটারবোরো স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় মারধরের ঘটনা।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘একজনকে দেখি বিশাল ছুরি হাতে এদিক–ওদিক দৌড়চ্ছে। রক্ত চারদিকে। সবাই আতঙ্কে পালাচ্ছে।’ কেউ কেউ ট্রেনের শৌচালয়ে লুকিয়েছিলেন, কেউ দৌড়তে গিয়ে পদপিষ্ট হয়েছেন। আরেক যাত্রী সেখানকার ‘স্কাই নিউজ’–কে বলেন, ‘একজনকে দেখলাম হাঁটতে হাঁটতে বলছে, ওদের হাতে ছুরি আছে, আমাকে ছুরি মারা হয়েছে।’
‘বিবিসি’–কে দেওয়া সাক্ষাৎকারে তৃতীয় এক প্রত্যক্ষদর্শী জানান, শুরুতে ভেবেছিলেন ঘটনাটা হয়তো হ্যালোউইনের রাত্রির কোনও মজা। পরে বুঝতে পারেন, সত্যিই যাত্রীদের উপর হামলা চলছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে কাউন্টার টেররিজম (Counterterrorism) ইউনিটও তদন্তে সহায়তা করছে। তবে এখনই হামলার উদ্দেশ্য বা চরিত্র নিয়ে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেসি (Chris Casey)। তাঁর কথায়, ‘ঘটনার পূর্ণ বিবরণ পেতে সময় লাগবে। আপাতত অনুমান করা ঠিক হবে না।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার (Keir Starmer) এই ঘটনাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। এক্স-এ পোস্ট করে তিনি লিখেছেন, ‘আহতদের প্রতি সহানুভূতি জানাই। জরুরি পরিষেবার দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। আশপাশের মানুষদের পুলিশি নির্দেশ মেনে চলার অনুরোধ করছি।’
রক্তাক্ত শনিবারের সেই ট্রেন এখন পুলিশ হেফাজতে, তদন্তে নেমেছে সন্ত্রাসবিরোধী ইউনিট। কিন্তু প্রশ্ন একটাই, এই বীভৎস গণহামলার পেছনে উদ্দেশ্য কী?