
ফাইল ছবি
শেষ আপডেট: 13 October 2024 13:42
দ্য ওয়াল ব্যুরো: দফায় দফায় হামলা চালিয়েও শান্ত হচ্ছে না ইজরায়েল। এবার পাল্টা দিল হিজবুল্লাও। সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের একাধিক প্রান্তে তিনশোরও বেশি মিসাইল হামলা করেছে হিজবুল্লা। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শনিবার থেকে লাগাতার আকাশপথে আক্রমণ চালিয়ে ইজরাইয়েলি সেনার বিভিন্ন ডেরা ধ্বংস করে দেওয়া হয়েছে। গাজার একটি ট্রেনিং স্কুলেও হামলা চলে বলে খবর। একাধিক সেনা গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইজরায়েল।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, রকেট লঞ্চার, কম্যান্ড পোস্ট-সহ একাধিক জায়গায় হামলা চালিয়ে বিপুল অস্ত্র ভাণ্ডার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, পাল্টা লেবাননের মসজিদেও হামলা চালিয়ে সেটিকে গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েল এমনটাই খবর। হামলায় বহু মানুষের গুরুতর আহত হওয়ার খবর সামনে এলেও নির্দিষ্টভাবে এখনও সেই সংখ্যা জানা যায়নি।
অন্যদিকে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের আরও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই অঞ্চলে আহত নাগরিকদের সেবায় ব্যবহার করা অ্যাম্বুলেন্সকেও টার্গেট করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল।
বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার লেবাননে এয়ারস্ট্রাইক চালিয়েছে ইজরায়েল। হিজবুল্লার প্রায় সব শীর্ষ নেতাকে তাঁরা খতম করেছে বলেই দাবি। হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাকে মারার পর মনে করা হয়েছিল আইডিএফ কিছুটা শান্ত হবে। কিন্তু তেমনটা একেবারেই হয়নি। উল্টে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আক্রমণ বন্ধ রাখার প্রস্তাব এসেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফোন করে শান্তির বার্তা দিয়েছেন একাধিকবার। কিন্তু কারও কথারই গুরুত্ব দেননি ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরিস্থিতি তাই আরও খারাপের দিকেই যাচ্ছে।