শনিবার সকাল থেকে বিয়েবাড়ি, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’এ ছিল যথেষ্ট সাদামাঠা বিয়ের আয়োজন।

আলবানেস হলেন প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী, যিনি পদে থাকাকালীন বিয়ে করলেন।
শেষ আপডেট: 29 November 2025 14:36
দ্য ওয়াল ব্যুরো: বরের বয়স ৬২, কনের ৪৬ বছর। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেস বিয়ে করলেন দীর্ঘদিনে সঙ্গিনী জোডি হেডনকে। শনিবার সকাল থেকে বিয়েবাড়ি, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’এ ছিল যথেষ্ট সাদামাঠা বিয়ের আয়োজন। আলবানেস হলেন প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী, যিনি পদে থাকাকালীন বিয়ে করলেন। যদিও তিনি এর আগেও একবার বিয়ে করেছিলেন। প্রায় দুদশক পর ২০১৯ সালে আলবানেসের বিবাহ বিচ্ছেদ হয় নিউ সাউথ ওয়েলসের প্রাক্তন ডেপুটি প্রধানমন্ত্রী কারমেল টিবাটের সঙ্গে।
বয়স ৬২ হলে কী হবে! আলবানেসের রোমিওগিরি অনেক আগে থেকেই। শুধু তাই নয়, এতটাই রোমান্টিক যে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে-তে এই বাড়িতেই ব্যালকনিতে বলেছিলেন, উইল ইউ ম্যারি মি? ক্যানবেরার একটি জনপ্রিয় রেস্তরাঁয় ডিনার সেরে ঘরে ফিরেই প্রস্তাবটি দিয়ে ফেলেন আলবানেস। তিনি নিজেই এনগেজমেন্ট আংটির ডিজাইন করে দিয়েছিলেন।
হেডন অনেকদিন ধরেই আলবানেসের সঙ্গে সরকারি অনুষ্ঠান, সরকারি সফরে বিদেশ এবং নির্বাচনী প্রচারে ছিলেন। তাঁদের প্রেমকথা অস্ট্রেলিয়ার আকাশে-বাতাসে ঘুরে বেড়াত টগবগ করে। রাজনৈতিক নেতাদের সঙ্গিনীদের মতো মিডিয়া বান্ধব তো নয়ই, বরং প্রচারমাধ্যমের আড়ালেই থাকতেন হেডন। তবে প্রধানমন্ত্রীর স্ত্রী মর্যাদার পদ হিসেবে ক্যানবেরার ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির চিফ প্যাট্রনের আলঙ্কারিক চেয়ার নিয়েছিলেন তিনি। অস্ট্রেলীয় ফিনান্সিয়াল সার্ভিসেসে কাজ করেন সাধারণ মধ্যবিত্ত ঘরানা মহিলা হেডন। আলবানেসের দ্বিতীয় হলেও হেডনের এটাই প্রথম বিয়ে।
২০১৯ সালে মেলবোর্নে একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল দুজনের। সেই অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন হেডন। তখনই নজরে পড়ে আলবানেসের। হেডন নিজেই যেচে গিয়ে আলাপ করেন তৎকালীন বিরোধী দলনেতা আলবানেসের সঙ্গে। পরে তাঁদের যোগাযোগ বাড়তে থাকে সোশ্যাল মিডিয়া মারফত। তাঁরা প্রথম বিয়ের ডান্স পার্টিতে অংশ নেন ফ্রাঙ্ক সিনাত্রার জনপ্রিয় একটি গানের তালে। বিয়ের পরেই অতিথিদের ফুল ছোঁড়ার গলিপথ দিয়ে তাঁরা যখন হাঁটছিলেন তখন বেজে ওঠে স্টিভ ওয়ান্ডারের প্রেমের গান।
বিশিষ্ট কয়েকজন অতিথি ও আত্মীয় ছাড়া এই বিয়ের অনুষ্ঠানে কোনও জাঁকজমক ছিল না। আগামী সপ্তাহেই নবদম্পতি রওনা দেবেন হানিমুনে, তা হবে নিজের দেশেই। বিয়ের জন্য হেডন পরেছিলেন সিডনির প্রখ্যাত ডিজাইনার রোমান্স ওয়াজ বর্ন সংস্থার সাদা গাউন। প্রধানমন্ত্রীর স্যুট তৈরি করেছে এমজে বেল। বিয়েতে ফ্লাওয়ার গার্ল হয়েছিল ৫ বছরের ভাগনি এলা। এবং আলবানেসের পোষ্য টোটো হয়েছিল বিয়ের আংটি বাহক। সবথেকে উল্লেখযোগ্য এই বিয়েটি হয়েছে আলবানেস ও হেডনের নিজেদের রোজগারের অর্থে।