নতুন দায়িত্ব পাওয়ার পর হোয়াইট হাউসে একাধিকবার ড্রাগ খেয়ে বা নিয়ে এসেছিলেন ইলন মাস্ক! উঠেছে এমনই বিস্ফোরক অভিযোগ।

ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক
শেষ আপডেট: 10 June 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার মার্কিন প্রশাসনের ক্ষমতায় আসার পর টেসলা কর্তা (Tesla) ইলন মাস্ককে (Elon Musk) গুরুদায়িত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু কয়েক মাসের মধ্যেই দুজনের বন্ধুত্বের সমীকরণ ১৮০ ডিগ্রি বদলে গেছে। ট্রাম্পের দেওয়া দায়িত্ব ছেড়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধেই মুখ খুলেছেন মাস্ক। স্বাভাবিকভাবেই তিক্ততা আরও বেড়েছে। এরই মধ্যে মাস্কের বিরুদ্ধে ওঠা এক চরম অভিযোগ সম্পর্কে মুখ খুললেন ট্রাম্প।
নতুন দায়িত্ব পাওয়ার পর হোয়াইট হাউসে (White House) একাধিকবার ড্রাগ (Drugs) খেয়ে বা নিয়ে এসেছিলেন ইলন মাস্ক! উঠেছে এমনই বিস্ফোরক অভিযোগ। এই বিষয়টি নিয়েই প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, “আমি সত্যিই জানি না। মনে হয় না ও এটা করবে। আমি অন্তত আশা করি না।” ট্রাম্প এও বলেন, তিনি শুধু চান মাস্ক খুব ভাল থাকুন। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যও কৌতূহল বাড়িয়েছে।
সরকারি খরচ কমাতে ট্রাম্প প্রশাসন 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি' (DOGE) তৈরি করেছিল। তারই প্রধান হিসেবে মাস্ক কাজ করছিলেন। অভিযোগ, সেই সময়ই তিনি হোয়াইট হাউসে মাদক সেবন করেন। তবে এই বিষয়টি নিয়ে ট্রাম্পের সরাসরি কিছু না বলা জল্পনাকে আরও উসকে দিয়েছে। কারণ তিনি স্পষ্টত বিষয়টিকে 'নস্যাৎ' করেননি।
সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মাস্ক এত পরিমাণ কেটামিন সেবন করেছিলেন যে তাঁর মূত্রথলির সমস্যা দেখা দেয়। সেই রিপোর্টেই উল্লেখ করা হয়েছিল, ২০২৪ সালে ট্রাম্পের সঙ্গে প্রচারে অংশ নেওয়ার সময় মাস্ক নিয়মিত কেটামিন, এমডিএমএ (এক্সট্যাসি) ও সাইকেডেলিক মাশরুম সেবন করতেন। আর গত এক বছরে মাস্কের মাদক সেবনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।
বিস্ফোরক এই অভিযোগ নিয়ে মাস্কের বক্তব্য, তিনি মাদক সেবন করেন না। কয়েক বছর আগে তিনি প্রেসক্রিপশন দেখিয়ে কেটামিন নিয়েছিলেন, এটা নতুন নয়।। তারপর থেকে সেটা ছুঁয়েও দেখেননি তিনি।