জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গত সপ্তাহে ১৫৯টি দেশ প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, ব্রিটেন, কানাডার মতো দেশও এর পক্ষে ভোট দিয়েছে। তবে আমেরিকা ও ইজরায়েল এর বিরোধিতা করেছে।

বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 29 September 2025 10:12
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল-হামাস সংঘাতের (Israel Hamas War) অবসান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ঘিরে তৈরি হয়েছে জল্পনা।। হোয়াইট হাউসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বৈঠকে বসবেন। তার আগে ট্রাম্প বড় মন্তব্য করেছেন। দাবি, মধ্যপ্রাচ্যে এবারই প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে।
নিউইয়র্কে ইতিমধ্যে একাধিক মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক সেরেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপর তিনি ২১ দফার একটি খসড়া প্রস্তাব আঞ্চলিক নেতাদের হাতে তুলে দিয়েছেন। সেখানে মূলত বলা হয়েছে —
হামাস ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত জিম্মিকে মুক্তি দেবে।
ইজরায়েলি সেনা অভিযান বন্ধ করবে এবং ধাপে ধাপে গাজা থেকে প্রত্যাহার করবে।
ইজরায়েল প্যালেস্টাইন বন্দিদের ছেড়ে দেবে এবং সাহায্য পৌঁছানোর পথ খুলে দেবে।
হামাস নিরস্ত্র হবে এবং গাজা শাসনে আর কোনও ভূমিকা নেবে না।
অন্তর্বর্তী প্রশাসন গঠিত হবে এবং মসজিদ–বিদ্যালয়ে ‘ডি-র্যাডিকালাইজেশন’ পরিকল্পনা চালু হবে।
ইজরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এসব শর্ত মানেনি। বরং জেরুজালেমের এক শীর্ষকর্তা বলেন, ‘‘প্রস্তাবের অনেক বিষয়ই আসলে গুজব। আসল অবস্থান জানানো হবে নেতানিয়াহু–ট্রাম্প বৈঠকের পর।’’ হামাসও জানিয়েছে, তারা এখনও পরিকল্পনা-প্রস্তাবের বিষয় হাতে পায়নি।
ইজরায়েলের শর্ত
নেতানিয়াহুর দেশের পক্ষ থেকে যুদ্ধ থামানোর পাঁচটি শর্ত স্পষ্ট করা হয়েছে —
১. হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে।
২. সব জিম্মিকে মুক্তি দিতে হবে।
৩. গাজাকে ‘ডিমিলিটারাইজড জোন’ ঘোষণা করতে হবে।
৪. নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে।
৫. প্রশাসন গঠন হবে, তবে তাতে থাকবে না হামাস বা পশ্চিমাংশের প্যালেস্টাইন অথরিটি।
এই শর্ত হামাসের দীর্ঘদিনের দাবির সঙ্গে সরাসরি সংঘাতে যাচ্ছে, যেখানে তারা ইজরায়েলের পূর্ণ প্রত্যাহার দাবি করে এসেছে।
যুদ্ধ পরিস্থিতি
প্রায় দু'বছর ধরে চলা যুদ্ধে গাজার স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে মৃতের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। শহরের অধিকাংশ মানুষ বারবার উদ্বাস্তু হয়েছেন। জাতিসংঘ–সমর্থিত সংস্থা এক মাস আগে গাজার কিছু অংশকে দুর্ভিক্ষপীড়িত ঘোষণা করেছে। ইজরায়েলি সেনা গাজার গভীরে ঢুকে সম্প্রতি প্রধান হাসপাতালের মাত্র এক কিলোমিটার দূরত্বে পৌঁছে গেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আন্তর্জাতিক চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গত সপ্তাহে ১৫৯টি দেশ প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, ব্রিটেন, কানাডার মতো দেশও এর পক্ষে ভোট দিয়েছে। তবে আমেরিকা ও ইজরায়েল এর বিরোধিতা করেছে। ইজরায়েলের মতে, এটা হামাসকে পুরস্কৃত করার শামিল।
সব মিলিয়ে, নেতানিয়াহু–ট্রাম্প বৈঠক ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক কৌতূহল। গাজা যুদ্ধ থামাতে এই প্রস্তাব কার্যকর হবে, নাকি আগের মতোই আটকে যাবে আলোচনার টেবিলে—সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব।