তালিবান সরকারের সরাসরি ভারতের সঙ্গে আঁতাতের অভিযোগও আনেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। বলেন, যারা আজ ভারতের কোলে বসে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

খওয়াজা আসিফ
শেষ আপডেট: 18 October 2025 11:39
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান-আফগানিস্তানের (Pakistan Afghanistan War) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে গেছে। আর অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই কাবুলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওয়াজা আসিফ (Khawaja Asif)। স্পষ্ট জানিয়ে দিলেন - সব আফগান নাগরিককে পাকিস্তান ছেড়ে তাদের নিজের দেশে ফিরে যেতে হবে। আফগানিস্তানের সঙ্গে পুরনো সম্পর্কের যুগ শেষ।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসিফ লেখেন, “যে সব আফগানরা পাকিস্তানে বসবাস করছেন, তাদের এখন ফিরে যাওয়া উচিত নিজেদের দেশে, কারণ কাবুলে এখন তাদের নিজের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ভূমি ও সম্পদ ২৫ কোটি পাকিস্তানির (Pakistanis)। সেখানে আর কারও অধিকার নেই।”
প্রবল সংঘাতের আবহে দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তি (Ceasefire) হয়েছিল। তার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। যদিও সূত্রের খবর, দোহায় আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে এবং যুদ্ধবিরতির সময় কিছুটা বাড়ানো হয়েছে। তবে তালিবান অভিযোগ করেছে, পাকিস্তানি সেনা পাকতিকা প্রদেশের সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে। এর পরেই তালিবান সরকারের শীর্ষ এক নেতা স্পষ্ট জানান, কোনও যুদ্ধবিরতি নেই।
এই প্রসঙ্গেই পাক মন্ত্রী আসিফ বলেন, “আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান আর আগের মতো সম্পর্ক বজায় রাখতে পারবে না। আমরা বছরের পর বছর ধৈর্য দেখিয়েছি, কিন্তু আফগানিস্তান থেকে কোনও ইতিবাচক সাড়া পাইনি।” তাঁর হুঁশিয়ারি, “এখন আর কোনও শান্তির আবেদন নয়। কোনও প্রতিনিধি দলও আর কাবুলে যাবে না। যেখানে সন্ত্রাসের উৎস, সেখানেই কঠোর জবাব দেওয়া হবে।”
পাশাপাশি তালিবান সরকারের সরাসরি ভারতের সঙ্গে আঁতাতের অভিযোগও আনেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। বলেন, “যারা আজ ভারতের কোলে বসে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারাই এক সময় আমাদের দেশে আশ্রয় নিয়ে বেঁচে ছিল।”
প্রসঙ্গত, কদিন আগেই কাবুলের সঙ্গে শান্তি আলোচনার (Peace Talk) উদ্যোগে বড় ধাক্কা খেয়েছিল ইসলামাবাদ (Islamabad)। কাবুল (Kabul) সরকার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ, আইএসআই প্রধান আসিম মালিক এবং দুই পাক সেনা জেনারেলের ভিসা বাতিল (Visa Cancel) করেছিল।
এদিকে, ইসলামাবাদ বরাবরই অভিযোগ করেছে, আফগান মাটিকে ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)। আর তার সমর্থন করছে ভারত। তবে কাবুল বারবার সেই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের ভূমি কোনও প্রতিবেশীর বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না।