অজিত ডোভালের এই সফর কেবল প্রতিরক্ষা সহযোগিতা নয়, রাশিয়ার সঙ্গে জ্বালানি, প্রযুক্তি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও বিস্তৃত আলোচনার সম্ভাবনা তৈরি করেছে।

মস্কো সফরে অজিত ডোভাল
শেষ আপডেট: 6 August 2025 07:59
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সোমবার মস্কো পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল (Ajit Doval in Moscow)। রাশিয়ার তেল-আমদানি নিয়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) ভারতকে শুল্ক চাপানোর 'হুঁশিয়ারি' দিচ্ছে, ঠিক সেই সময়ে ডোভালের এই কূটনৈতিক সফর। এরপর কি ভারত ও আমেরিকার (India-US) সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে, এনিয়েও নানা জল্পনা রয়েছে।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও (S Jaishankar) চলতি মাসের শেষের দিকে রাশিয়া সফরে যেতে পারেন বলে খবর। যদিও অজিত ডোভালের এই সফর পূর্বনির্ধারিত ছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কারণেই সফরের তাৎপর্য ও তৎকালীন গুরুত্ব বেড়ে গিয়েছে।
সোমবার একটি সাক্ষাৎকারে ট্রাম্প কার্যত অভিযোগের সুরেই বলেন, 'ভারত আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে, অথচ আমরাই তাদের বাজারে ঢুকতে পারি না। এই কারণে আমরা ওদের উপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিলাম। তবে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই শুল্ক আরও অনেকটাই বাড়িয়ে দেব। কারণ ওরা (ভারত) রাশিয়া থেকে তেল কিনছে। যদি ওরা এটা চালিয়েই যায়, তবে আমি আর চুপ করে বসে থাকব না।'
ট্রাম্প আরও অভিযোগ করেন, রাশিয়ার সঙ্গে ব্যবসা করে ভারত লাভবান হচ্ছে, অথচ রুশ যুদ্ধযন্ত্রের কারণে ইউক্রেনে প্রতিদিন মানুষ মরছেন। তাঁর মতে, এই ধরনের নৈতিক অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মন্তব্য ভারত-মার্কিন কূটনীতিকে নতুন করে অস্বস্তিতে ফেলতে পারে। একইসঙ্গে ভারত ও রাশিয়ার ঘনিষ্ঠতা নতুন করে আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রে আলোচনার কেন্দ্রে উঠে আসছে।
অজিত ডোভালের এই সফর কেবল প্রতিরক্ষা সহযোগিতা নয়, রাশিয়ার সঙ্গে জ্বালানি, প্রযুক্তি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও বিস্তৃত আলোচনার সম্ভাবনা তৈরি করেছে। বিদেশমন্ত্রকের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও সূত্র মারফত খবর, এস জয়শঙ্করের সফর নিয়েও মস্কোর সঙ্গে প্রস্তুতি শুরু হয়েছে।