এমন শক্তিশালী কম্পনের ফলে সমুদ্রে বড় ঢেউ তৈরি হওয়ার আশঙ্কা থাকায়, জাপানের পুরো প্রশান্ত মহাসাগরীয় উপকূলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

রাশিয়ায় ভূমিকম্প
শেষ আপডেট: 30 July 2025 08:45
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার কমচাটকা উপদ্বীপের কাছে বুধবার সকালে প্রবল ভূমিকম্পে (Earthquake at Pacific Ocean) কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। ভূমিকম্পের জেরে জাপান ও আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে জারি হয়েছে সুনামি সতর্কতা (Tsunami Alert)। উপকূলবর্তী এলাকাগুলির বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সকাল ৮টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) ভূমিকম্প হয়। প্রথমে এর মাত্রা ৮.০ বলে মনে করা হলেও, মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS পরে জানায়, কম্পনের আসল মাত্রা ছিল ৮.৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে।
এমন শক্তিশালী কম্পনের ফলে সমুদ্রে বড় ঢেউ তৈরি হওয়ার আশঙ্কা থাকায়, জাপানের পুরো প্রশান্ত মহাসাগরীয় উপকূলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ভূমিকম্পের আধঘণ্টার মধ্যেই জাপানের উত্তর উপকূলে ঢেউ পৌঁছে যেতে পারে।
A #tsunami warning is currently in effect for the Eastern Pacific Coast of #Hokkaido and #Tohoku region, #Kanto region, Izu & Ogasawara Islands, Tokai region, and Wakayama Prefecture. Tsunami waves may arrive imminently—evacuate immediately to higher ground. View estimated… pic.twitter.com/CsOTBYrJ8S
— U.S. Embassy Tokyo, ACS (@ACSTokyo) July 30, 2025
এই সুনামির প্রভাব শুধু জাপানেই নয়, পৌঁছাতে পারে হাওয়াই দ্বীপপুঞ্জেও। আমেরিকার প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, হাওয়াইয়ের সব দ্বীপেই সুনামি হতে পারে এবং তার ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার মধ্যে ঢেউ আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
রাশিয়ার পেট্রোপাভলোভস্ক-কমচাটস্কি শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ এটি ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছে অবস্থিত। বহু মানুষ খালি পায়ে তাড়াহুড়ো করে রাস্তায় নেমে আসেন। অনেক বাড়িতে আলমারি উলটে পড়ে, আয়না ভেঙে যায়, ঘর-বারান্দা কেঁপে ওঠে। শহরে বিদ্যুৎ চলে যায় এবং মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস।
এছাড়াও, আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জের জন্য সরাসরি সুনামি সতর্কতা জারি করেছে আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার। ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন ও হাওয়াইয়ের পশ্চিম উপকূলেও নজরদারি বাড়ানো হয়েছে।
জাপান সরকার ইতিমধ্যেই জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ টিম গঠন করেছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ শিনিচি সাকাই জানিয়েছেন, দূরে হলেও ভূমিকম্প যদি সমুদ্রে এবং অগভীর স্তরে হয়, তাহলে বড়সড় সুনামি হওয়ার সম্ভাবনা থেকে যায়।
উল্লেখ্য, জাপান এমনিতেই বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এটি প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ার' অঞ্চলের অন্তর্ভুক্ত, যেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে। চলতি মাসের শুরুতেও এই কমচাটকা উপকূলে পাঁচটি বড় ভূমিকম্প হয়েছিল, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৭.৪।
তবে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছিল ১৯৫২ সালের ৪ নভেম্বর। সেবার কমচাটকায় ৯.০ মাত্রার ভূমিকম্পে হাওয়াইয়ে ৩০ ফুট উঁচু সুনামি ঢেউ আছড়ে পড়েছিল। তবে প্রাণহানির খবর সে সময় পাওয়া যায়নি।