তুর্কি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, বালিকেসির প্রদেশে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 August 2025 08:56
দ্য ওয়াল ব্যুরো: রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে (১৬৫৩ জিএমটি) পশ্চিম তুরস্কের সিনদিরগি এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি (AFAD) জানিয়েছে, কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইজমির-সহ পশ্চিমাঞ্চলের একাধিক শহরে।
এর কিছুক্ষণের মধ্যে ফের ভূমকম্প অনুভূত হয়। প্রথম কম্পনের আফটার শক। রিখটার স্কেলে মাত্রা ৪.৬।
তুর্কি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, বালিকেসির প্রদেশে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি, তবে প্রশাসনির আধিকারিকরা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
মন্ত্রী আলি ইয়রলিকায়া এক্স-এ লিখেছেন, 'এএফএডি-র সব দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলি সঙ্গে সঙ্গে মাটিতে নেমে তল্লাশি শুরু করেছে। এখন পর্যন্ত কোনও অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি।'
ভূতাত্ত্বিক ফল্টলাইনে থাকা তুরস্ক অতীতে একাধিক বিধ্বংসী ভূমিকম্পের সাক্ষী। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল প্রাচীন শহর অ্যান্টাকিয়ার এলাকা। চলতি বছরের জুলাইয়ের শুরুতে একই অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্পে এক জনের মৃত্যু হয় এবং আহত হন ৬৯ জন।