হামলার কয়েক ঘণ্টা আগেই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সীমান্তে গুলির লড়াই চলে। আফগান কর্মকর্তারা জানান, সেই সংঘর্ষে অন্তত চারজন আফগান নাগরিক নিহত হয়েছেন।

কাবুলে বিমান হামলা পাকিস্তানের
শেষ আপডেট: 17 March 2026 08:26
দ্য ওয়াল ব্যুরো: কাবুলে ভয়াবহ বিমান হামলার অভিযোগে ফের উত্তপ্ত আফগানিস্তান–পাকিস্তান সীমান্ত (Pakistan Strike on Kabul)। আফগান সরকার দাবি করেছে, পাকিস্তানের বিমান হামলায় (Pakistan Strike) কাবুলের একটি হাসপাতালে কমপক্ষে ৪০০ মানুষ নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। যদিও ইসলামাবাদ এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সীমান্ত সংঘর্ষের জেরে টানাপড়েন এমনিতেই চরমে, তার মাঝে এই হামলা দু’দেশের সম্পর্কে (Afghanistan-Pakistan Conflicts) নতুন সঙ্কট ডেকে এনেছে।
হাসপাতালেই বিমান হামলা, দাবি কাবুলের
আফগান উপ-সরকারি মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত জানান, সোমবার রাত প্রায় ৯টার সময় হামলা চালানো হয় কাবুলের ওই ২ হাজার শয্যার পুনর্বাসন কেন্দ্রে। বিস্ফোরণে হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে যায় (Pakistan Strike on Kabul)। মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ ক্ষোভপ্রকাশ করে বলেন, "পাকিস্তান হাসপাতাল ও বেসামরিক স্থানে হামলা চালিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে।” তাঁর অভিযোগ, চিকিৎসাধীন নেশাগ্রস্ত রোগীরাই এই হামলার শিকার। তিনি এটিকে 'মানবতার বিরুদ্ধে অপরাধ' বলে মন্তব্য করেন।
পাকিস্তানের দাবি: ‘হাসপাতালে নয়, সামরিক অবকাঠামোয় হামলা’
ইসলামাবাদ তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, তারা শুধু দুটি অঞ্চলের সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে (Pakistan Strike on Kabul)। তাঁর দাবি, আফগান তালিবান যারা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে, তাদের প্রযুক্তিগত সাপোর্ট এবং গোলাবারুদ মজুতকেন্দ্রে হামলা করা হয়েছে।
সীমান্তে গুলিবর্ষণ, মৃত অন্তত চার
এই হামলার কয়েক ঘণ্টা আগেই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সীমান্তে গুলিবিনিময় হয়। আফগান কর্মকর্তারা জানান, সেই সংঘর্ষে অন্তত চারজন আফগান নাগরিক নিহত হয়েছেন। গত তিন সপ্তাহ ধরে সীমান্তে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে যে সংঘর্ষ শুরু হয়েছিল, তা থামার নামই নিচ্ছে না।
বহু দিনের সংঘর্ষের চূড়ান্ত রূপ
গত অক্টোবর কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যায় ফেব্রুয়ারির শেষে নতুন করে হামলার পর। আফগানিস্তান দাবি করছে, পাকিস্তানের আগের বিমান হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছিলেন। এরই জেরে পাল্টা আক্রমণ শুরু করে কাবুল। এরপর থেকেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
‘ওপেন ওয়ার’- স্বীকার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাফ জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে এখন তাদের সম্পর্ক “উন্মুক্ত যুদ্ধের মতো” পর্যায়ে পৌঁছেছে।
দায় অস্বীকার, পাল্টা অভিযোগ আর ক্রমাগত সংঘর্ষ, এই উত্তেজনা কোন দিকে গড়াবে, তা এখনই বুঝে ওঠা কঠিন। তবে দুই দেশের সীমান্তবাসীদের উদ্বেগ প্রতিদিনই বাড়ছে।