ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন, যাঁদের মধ্যে রয়েছেন সেনা, পুলিশ এবং সাধারণ নাগরিকরাও। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান ঘনিষ্ঠ গোষ্ঠী হাফিজ গুল বাহাদুরের আত্মঘাতী শাখা।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান ঘনিষ্ঠ গোষ্ঠী।
শেষ আপডেট: 28 June 2025 15:34
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে একটি আত্মঘাতী গাড়ি বোমা (Suicide Bomber) বিস্ফোরণে ১৩ জন পাক সেনা (Pakistan Army) প্রাণ হারিয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন, যাঁদের মধ্যে রয়েছেন সেনা, পুলিশ এবং সাধারণ নাগরিকরাও। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান ঘনিষ্ঠ গোষ্ঠী হাফিজ গুল বাহাদুরের আত্মঘাতী শাখা।
স্থানীয় এক প্রশাসনিক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সেনাবাহিনীর কনভয়ের সঙ্গে ধাক্কা মারে। বিস্ফোরণে ১৩ জন সেনা শহিদ হন, আহত হন আরও ১০ জন সেনা ও ১৯ জন নাগরিক।”
এক পুলিশ অফিসার জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় পাশের দু'টি বাড়ির ছাদ ধসে পড়ে, যার ফলে ছয় শিশু আহত হয়েছে। প্রশাসনের আরও একটি সূত্র জানিয়েছে, আহত চার সেনার অবস্থা আশঙ্কাজনক।
২০২১ সালে আফগানিস্তানে তালিবান সরকার গঠনের পর থেকে পাকিস্তানে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি হানার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। ইসলামাবাদ সরকারের দাবি, আফগান মাটি থেকেই পাকিস্তানের বিরুদ্ধে হামলার ছক কষছে জঙ্গিরা, যদিও তালিবান এই অভিযোগ অস্বীকার করেছে।
এএফপির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও বালোচিস্তানে সরকারি বাহিনীর বিরুদ্ধে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৯০ জন, যাঁদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।