উত্তুরে হাওয়ায় কাবু দুই বঙ্গই। শীত উপভোগ করছেন কম-বেশি সকলে। ঘুরে বেড়ানো চলছে কিন্তু এরই মধ্যে কিছু জিনিস নিয়ে সতর্ক থাকার কথা বললেন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়।

ছবি- দ্য ওয়াল
শেষ আপডেট: 15 December 2025 15:50
শীতের স্পেল চলছে রাজ্যে। উত্তুরে হাওয়ায় কাবু দুই বঙ্গই। শীত উপভোগ করছেন কম-বেশি সকলেই। ঘুরে বেড়ানো চলছে কিন্তু এরই মধ্যে কিছু জিনিস নিয়ে সতর্ক থাকার কথা বললেন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে চিকিৎসক মূলত ৭০ ঊর্ধ্ব মানুষজনকে এই সময়ে সচেতন হওয়ার বার্তা দিলেন। শীতে অনেকেরই অনেকরকম সমস্যা হয়, তা বিশ্লেষণ করে বোঝালেন তিনি।
ঠিক কী কী সমস্যা হতে পারে?
চিকিৎসক বলেন, 'মাথা ঘুরে যাওয়া, অস্বস্তি হওয়া, পায়খানা আটকে যাওয়া বা ঠান্ডা-গরম লাগার মতো সমস্যা খুব সাধারণ বিষয়। বয়স্কদেরই হয় মূলত। কিছু জিনিস তাই মাথায় রাখতে হবে।'
কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন?
বেশি রোদ পোহাবেন না
চাদর মুড়ি দিয়ে রোদে বসলে শরীর গরম হয়, ভ্যাসো ডায়ালেটেশন হয়। তারপরই উঠে ঘরে আসার চেষ্টা যদি কেউ করেন তাতে মাথা ঘুরে যেতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ, রোদ বেশিক্ষণ পোহাবেন না। পোহালে ঘরে ঢোকার সময় কেউ যেন সঙ্গে থাকেন। বয়স্ক তো বটেই, সকলের জন্যই এটা প্রযোজ্য। অটোনমিক নিওরোপ্যাথির জন্য মাথা ঘুরে যাওয়ার সমস্যা হয়। তাই সাবধানে চলাফেরা করুন, যাতে পড়ে না যান।
ভ্যাকসিন নিতে হবে
চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন ডঃ বন্দ্যোপাধ্যায়।
মল-মূত্র ত্যাগে সমস্যা লক্ষ করতে হবে
এই সময়ে শরীরে জলের ঘাটতি হতে পারে, পায়খানা ও প্রস্রাব দুই-ই আটকে যেতে পারে। এতে সমস্যা হবে বিরাট। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খান যাতে পায়খানা না আটকায়। যাদের প্রস্টেট বড় আছে, এই প্রবলেমটা ভীষণ হয় শীতকালে, জানান তিনি।
লাঠি ব্যবহার করুন
শীতে জড়সড় হয়ে যায় সকলে। তাই হাঁটাচলায় সমস্যা হতে পারে। ঘর থেকে বের হলেই লাঠি সঙ্গে রাখার পরামর্শ দিলেন তিনি।
ঠান্ডা যাতে না লাগে
ডঃ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ভিতরে গরম, হঠাৎ ঠান্ডায় বেরিয়ে যাবেন না প্রোটেকশন ছাড়া। হঠাৎ করে ঠান্ডায় এলে শরীরের যে পরিবর্তন হবে সেটার সঙ্গে মানিয়ে নিতে পারবে না, তাতে ঠান্ডা লেগে যেতে পারে।'
শীত উপভোগ করুন সুস্থ থেকে। মেনে চলুন এই কয়েকটি জিনিস।