এই প্রবণতা খানিক স্বাস্থ্য সচেতনতা থেকে এলেও, চিকিৎসকরা কিন্তু বলছেন বিষয়টা অতটা সরল নয়।

শেষ আপডেট: 28 June 2025 14:39
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি অনেকেই খাবারে সাধারণ সাদা নুনের বদলে হিমালয়ান পিঙ্ক সল্ট (Himalayan pink salt) বা সৈন্ধব নুন (rock salt) ব্যবহার করছেন। এই প্রবণতা খানিক স্বাস্থ্য সচেতনতা থেকে এলেও, চিকিৎসকরা কিন্তু বলছেন বিষয়টা অতটা সরল নয়। বরং এই অভ্যাস দীর্ঘমেয়াদে চলতে থাকলে এতে শরীরে বিশেষত থাইরয়েডের উপর খারাপ প্রভাব পড়তে পারে।
সাদা নুনেই রয়েছে আয়োডিনের সঠিক মাত্রা
জেনারেল ফিজিশিয়ান ডা. অক্ষত চাড্ডা জানাচ্ছেন, ‘যাঁরা গত দু’বছর ধরে পিঙ্ক সল্ট বা সৈন্ধব নুন ব্যবহার করছেন, তাঁদের থাইরয়েডের মাত্রায় তারতম্য দেখা যাচ্ছে। স্বাস্থ্য নিয়ে সচেতনতায় সমাধান নুন বদলানো নয়, বরং সবরকম ভাবেই নুন খাওয়ার পরিমাণ কমানো।’
তিনি বলেন, ‘পিঙ্ক সল্টে নানারকম মিনারেল রয়েছে, তবে প্রয়োজনীয় মাত্রায় আয়োডিন নেই। সাধারণ সাদা নুনেও একসময় ছিল না, কিন্তু বর্তমানে তা আয়োডিনযুক্ত (fortified)। আর এই আয়োডিনযুক্ত সাদা নুন আমাদের শরীরের জন্য কার্যকর।’
"সাদা নুন খারাপ" - এই ভুল ধারণা কতটা ক্ষতিকর?
গ্লেনএগলস হাসপাতাল, মুম্বইয়ের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মঞ্জুষা আগরওয়াল জানান, ‘মানুষ এখন সাদা নুন পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছেন, ভাবছেন এটা স্বাস্থ্যকর নয়। কিন্তু বাস্তব হল — আয়োডিনের অভাবে গয়টার (goitre), থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। তাই রান্নার সময় সাদা নুনই ব্যবহার করা উচিত। তবে স্যালাড, দই বা মুখরোচক খাবারে আপনি অন্য কোনও নুন ব্যবহার করতেই পারেন - তবে তা যেন সঠিক মাত্রায় হয়।
’
ভারতে আয়োডিনযুক্ত নুন বাধ্যতামূলক কেন?
ডা. দীপ্তি সিনহা, ENT বিশেষজ্ঞ ও সিকে বিড়লা হাসপাতালের চিফ কনসালটেন্ট জানান, ভারতে খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI নির্দেশ দিয়েছে, মানুষের সরাসরি ব্যবহারের জন্য কেবলমাত্র আয়োডিনযুক্ত লবণ বিক্রি করা যাবে।
FSSAI-এর মান অনুযায়ী, প্রতি কেজিতে কমপক্ষে ১৫ পিপিএম (parts per million) আয়োডিন থাকতে হবে। এই মান বজায় রাখলে শরীরে আয়োডিনের ঘাটতি হয় না, যা থাইরয়েড-সহ দেহের নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য গুরুত্বপূর্ণ।
ডা. চাড্ডা আরও বলেন, ‘রান্নায় বাড়তি নুন দেওয়া বন্ধ করুন। প্যাকেটজাত খাবার, আচার, পাঁপড় বা প্রসেসড খাবার এড়িয়ে চলুন, কারণ এগুলোর মাধ্যমে শরীরে অতিরিক্ত নুন প্রবেশ করে।’
তিনি আরও সতর্ক করে বলেন, ‘যাঁরা প্রেগন্যান্ট এবং থাইরক্সিন নিচ্ছেন বা বাবা-মা হওয়ার চেষ্টা করছেন, তাঁদের ক্ষেত্রে সাদা আয়োডিনযুক্ত নুন ব্যবহার আরও জরুরি।’