অনেকেই আছেন যাঁরা ‘মা-ঠাকুমার টোটকা’ বা ইন্টারনেটের ভাইরাল ভিডিও দেখে পেঁয়াজ কেটে রস বার করে সোজা মাথায় লাগিয়ে ফেলছেন কিন্তু কাজ হচ্ছে না।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 June 2025 17:20
দ্য ওয়াল ব্যুরো: চুল পড়া নিয়ে চিন্তা কি দিন দিন বাড়ছে? পেঁয়াজের রস লাগিয়ে চলেছেন তো রোজই? কিন্তু আয়নায় তাকিয়ে মনে হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না? আপনি একা নন। অনেকেই আছেন যাঁরা ‘মা-ঠাকুমার টোটকা’ বা ইন্টারনেটের ভাইরাল ভিডিও দেখে পেঁয়াজ কেটে রস বার করে সোজা মাথায় লাগিয়ে ফেলছেন কিন্তু কাজ হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘরোয়া টোটকায় আসলে একটা ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ধাপ বাদ পড়ছে, আর সেই কারণেই মিলছে না কাঙ্ক্ষিত ফল।

কেন পেঁয়াজের রস এত জনপ্রিয়?
নিউট্রিশনিস্ট রবনিত ভরৎওয়াল জানাচ্ছেন, পেঁয়াজের রসে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যা আমাদের চুলের মূল উপাদান কেরাটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ফলে চুল হয় আরও ঘন ও শক্তপোক্ত।
তাছাড়াও এতে রয়েছে কোয়েরসেটিন নামের একধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুলের গোড়াকে রক্ষা করে এবং মাথার ত্বকে প্রদাহ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে খুশকি এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেও রক্ষা করে এই রস।
তবু কেন কাজ করছে না?
সমস্যাটা হচ্ছে পেঁয়াজের রস ‘অ্যাকটিভেট’ না করা। বেশিরভাগ মানুষ রস বার করে সঙ্গে সঙ্গেই লাগিয়ে দেন মাথায়। এতে কিন্তু পুরো উপকার মিলছে না। নিউট্রিশনিস্ট বলছেন, এই রসকে ৭২ ঘণ্টা ফারমেন্ট করতে হবে অর্থাৎ পচতে দিতে হবে। তবেই এটি কার্যকর হবে।
কীভাবে ফারমেন্ট করবেন পেঁয়াজের রস?
খুব সহজ। পেঁয়াজ কেটে রস বার করে একটা কাচের বোতলে ভরে রেখে দিন তিনদিন। আলাদা করে কিছু মেশানোর দরকার নেই। এই সময়ে ওই রসে প্রাকৃতিকভাবে তৈরি হবে নতুন কিছু ভিটামিন ও এনজাইম, কোয়েরসেটিন হবে আরও বেশি বায়োঅ্যাকটিভ, আর রসের পিএইচ এমন হবে যা মাথার ত্বকে কোনও জ্বালা না করেই কাজ করবে।

ফারমেন্টেড পেঁয়াজ রস ব্যবহার করবেন কীভাবে?
১. আগে মাথা হালকা ভিজিয়ে নিন।
২. ২-৩ মিনিট ধরে স্ক্যাল্পে ম্যাসাজ করুন রসটা দিয়ে।
৩. শাওয়ার ক্যাপ পরে ৩০-৬০ মিনিট রেখে দিন।
৪. তারপর হালকা কোনও শ্যাম্পু দিয়ে দু’বার ধুয়ে ফেলুন।
৫. সপ্তাহে দু’বার করে এই রুটিন ৪-৬ সপ্তাহ মেনে চললে ফল পেতে পারেন।
আরও ভাল ফল চাইলে, ফারমেন্টেড পেঁয়াজ রসে ৫ ফোঁটা রোজমেরি অয়েল মেশাতে পারেন। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটি চুল গজাতে সাহায্য করে।