স্থগিতাদেশ ততদিন জারি থাকবে যতদিন না জেপ্টো সমস্ত নিয়ম মেনে চলার নিশ্চয়তা দিতে পারে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পায়।

জেপ্টো
শেষ আপডেট: 1 June 2025 23:53
দ্য ওয়াল ব্যুরো: অনলাইন গ্রোসারি ডেলিভারি সংস্থা জেপ্টো (Zepto) (যার মূল সংস্থা Kiranakart Technologies Pvt. Ltd.)-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মুম্বইয়ের ধারাভি অঞ্চলের গুদামে খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে সংস্থাটির ফুড বিজনেস লাইসেন্স স্থগিত করেছে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)।
মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রতিমন্ত্রী যোগেশ কদমের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গুদাম পরিদর্শনে আসে এফডিএ। FDA-র যুগ্ম কমিশনার (খাদ্য) মঙ্গেশ মানে-র তত্ত্বাবধানে ফুড সেফটি অফিসার রাম বোদকে ওই গুদামটি পরিদর্শন করেন এবং সেখান থেকে একাধিক গুরুতর ত্রুটি ধরা পড়ে।
পরিদর্শনে কী কী অনিয়ম ধরা পড়েছে?
• খাদ্যসামগ্রীর উপর ছত্রাক (ফাঙ্গাস) জমে থাকা
• বদ্ধ জলাশয়ের কাছাকাছি খাদ্যপণ্য সংরক্ষণ — যা পরিস্কার-পরিচ্ছন্নতার ঘাটতির প্রমাণ
• রেফ্রিজারেশনের নিয়মিত তাপমাত্রা বজায় রাখা হয়নি
• ভেজা ও নোংরা মেঝের ওপর সরাসরি খাদ্যসামগ্রী রাখা
• মেয়াদোত্তীর্ণ বা এক্সপায়ারড ও নন- এক্সপায়ারড সামগ্রীর মধ্যে কোনও স্পষ্ট পার্থক্য রাখা হয়নি

এসব গুরুতর ত্রুটির ভিত্তিতে খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন, ২০০৬-এর ধারা ৩২(৩) অনুযায়ী সহকারী কমিশনার (খাদ্য) অনুপমা বালাসাহেব পাটিল সংস্থাটির লাইসেন্স স্থগিত করার নির্দেশ দেন।
এই স্থগিতাদেশ ততদিন জারি থাকবে যতদিন না জেপ্টো ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত নিয়ম মেনে চলার নিশ্চয়তা দিতে পারে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পায়।
এই ঘটনা প্রসঙ্গে জেপ্টো (Zepto) তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। জেপ্টোর এক মুখপাত্র বলেন, ‘খাদ্য সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে Zepto কোনও আপস করে না। আমরা ইতিমধ্যেই একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি এবং কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি। চিহ্নিত ত্রুটিগুলো আমরা দ্রুত সংশোধন করব এবং নিয়মমাফিক কাজ পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি।’
বলাই বাহুল্য, সময়ের মধ্যে ডেলিভারি নিয়ে তেমন কোনও অভিযোগ না উঠলেও অর্ডার করা খাদ্যসামগ্রীর মান নিয়েই যদি প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা নিয়েই ধোঁয়াশা থেকে যাবে বলে মনে করছেন অনেকেই।