সাধারণত দিনে দু’বার স্নান করলেই ধরে নেওয়া হয় নিজেকে পরিষ্কার রাখার কাজটা সারা হয়ে গেছে। কিন্তু ত্বকের যত্নের দিক থেকে ভাবলে, এমনটা সবসময় ঠিক নাও হতে পারে।

শেষ আপডেট: 28 May 2025 16:03
দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। বর্ষার আগমন মানেই অস্বস্তিকর আবহাওয়ার শুরু। বিশেষ করে দক্ষিণবঙ্গে। বাতাসে এই সময় জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় ঘাম হয় প্রচুর। অনেকেই তাই এই সময়ে বার বার স্নান করেন একটু আরামের জন্য বা নিজেকে পরিষ্কার রাখার জন্য। স্নান করলে সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যায় অনেকটা। স্ট্রেস কমে যায়। কিন্তু এই বার বার স্নান করা কি আদৌ যুক্তিযুক্ত? সকলেই কি ঠিকঠাক নিয়মে স্নান করছি আমরা?
সাধারণত দিনে দু’বার স্নান করলেই ধরে নেওয়া হয় নিজেকে পরিষ্কার রাখার কাজটা সারা হয়ে গেছে। কিন্তু ত্বকের যত্নের দিক থেকে ভাবলে, এমনটা সবসময় ঠিক নাও হতে পারে। গ্লেনইগলস হাসপাতালের এস্থেটিক ফিজিশিয়ান ডঃ রুবি সচদেব বলছেন, 'গরমকালে দিনে দু'বার স্নান করলে স্বস্তি পাওয়া যায় ঠিকই, তবে অতিরিক্ত স্নান, ভুলভাল সাবানের ব্যবহার আর গরম জল ত্বক নষ্ট করে দিতে পারে। ন্যাচারাল অয়েলের ব্যালেন্সে সমস্যা হতে পারে। যাতে ত্বক শুষ্ক হয়ে ব়্যাশের সমস্যাও হতে পারে। যদি বেশি বার স্নানের প্রয়োজন হয়, তাহলে শুধু জলেই স্নান করা ভাল।'
কখন স্নান করবেন, সকালে না রাতে?
অনেকেরই এই প্রশ্নটা থাকে, ২৪ ঘণ্টায় ঠিক কোন সময়ে স্নান করা উচিত। অনেকে দিনের শুরুতে স্নান করেন, আবার কেউ কেউ রাতে ঘুমোতে যাওয়ার আগে। মাইক্রোবায়োলজিস্ট প্রিমরোজ ফ্রিস্টোনের মতে, সকালে স্নান করলে ঘুমের সময় ঘাম, ব্যাকটেরিয়া ও মৃত কোষগুলো ধুয়ে যায়, ফলে বেশি সতেজ লাগে। আবার দিনের শেষে আমাদের শরীরে ধুলো, দূষণ, ও তেল জমে যা পরে জামাকাপড় এবং বিছানায় ছড়িয়ে পড়ে। তাই রাতে স্নান করলে বিছানায় সেই সব ময়লা কম যায়।
ডঃ সচদেবও বলেন, 'যাঁরা সারাদিন বাইরে কাটান, তাঁদের ক্ষেত্রে রাতে স্নান করা স্বাস্থ্যকর। এটা শুধু ত্বকের যত্ন নয়, বিছানা, বালিশের স্বাস্থ্যবিধির দিক থেকেও ভাল। যদিও সকালের স্নানে ফ্রেশনেস পাওয়া যায়, রাতের স্নান বেশি কার্যকরী স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দিক থেকে।'
আর শুধু স্নান নয়, প্রিমরোজ ফ্রিস্টোন বলছেন, স্নান কখন করবেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ নিয়মিত চাদর ও বালিশের কভার ধোয়া। নইলে কোনও হাইজিনই মেনে চলা হবে না।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, স্নান করার সময় অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান এড়িয়ে চলুন, চিকিৎসক না বললে ব্যবহার করবেন না। এক্সফোলিয়েশন সপ্তাহে ১-২ বারই যথেষ্ট। আর ভেজা ত্বক ফাংগাল ইনফেকশনের কারণ হতে পারে, তাই ভাল করে গা, হাত-পা মুছে তবেই শুতে যান।