বাঙালির প্রবাদ—‘মর্নিং শোজ দ্য ডে’। অর্থাৎ, সকালে যেমন শুরু, তেমনই কেটে যায় গোটা দিন। তাই সকালের শুরু হওয়া চাই সঠিক আর স্বাস্থ্যকর উপায়ে।

এক অসাধারণ পানীয়
শেষ আপডেট: 27 July 2025 21:55
দ্য ওয়াল ব্যুরো: বাঙালির প্রবাদ—‘মর্নিং শোজ দ্য ডে’। অর্থাৎ, সকালে যেমন শুরু, তেমনই কেটে যায় গোটা দিন। তাই সকালের শুরু হওয়া চাই সঠিক আর স্বাস্থ্যকর উপায়ে। অনেকেই এখন দিন শুরু করেন এক কাপ কফি বা চায়ের মাধ্যমে। কিন্তু জানেন কি, সকালে একটা সঠিক ডিটক্স পানীয় শরীরকে দিতে পারে বাড়তি এনার্জি, পরিষ্কার করে বিপাকতন্ত্র, আর সাহায্য করে ওজন কমাতে? এমনই এক অসাধারণ পানীয় হল বিট ও চিয়া বীজের ড্রিঙ্ক।
এই পানীয়টি কেবলমাত্র শরীরকে হাইড্রেট করে না, বরং তার সঙ্গে হজমশক্তি বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। বিট মূলত অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজে পরিপূর্ণ। এতে থাকা নাইট্রেট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। চিয়া বীজ আবার ফাইবার, প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ঠাসা। ফলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়।
কী কী উপকার পাবেন এই পানীয় থেকে?
চিয়া বীজ পেট ভরা রাখে, বিট আবার মেটাবলিজম বাড়িয়ে চর্বি বার্ন করতে সাহায্য করে। বিটে থাকা নাইট্রেট ও চিয়ার ওমেগা-৩ মিলে কমায় রক্তচাপ ও খারাপ কোলেস্টেরল। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বিট ত্বককে রক্ষা করে ফ্রি র্যাডিক্যালের প্রভাব থেকে। চিয়া ত্বককে ভেতর থেকে করে হাইড্রেটেড।
কীভাবে বানাবেন বিট ও চিয়া বীজের পানীয়?
এই পানীয় তৈরির জন্য প্রথমে ১ চা চামচ চিয়া বীজ জলে ভিজিয়ে রাখুন অন্তত ২০ মিনিট, যাতে তা ফুলে ওঠে। এবার একটি মাঝারি বিট ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে মিক্সারে জলের সঙ্গে ব্লেন্ড করুন। তৈরি হওয়া রসে চিয়া বীজ মিশিয়ে দিন। চাইলে সামান্য লেবুর রস বা মধুও যোগ করতে পারেন স্বাদ বৃদ্ধির জন্য। সকালে খালি পেটে এই পানীয় পান করলে আপনি নিজেই টের পাবেন এর সুফল। নিয়মিত খেলে কিছু দিনের মধ্যেই শরীরের ভিতরে বদল বুঝতে পারবেন নিজে থেকেই।