পিসিওএস থাকলে কি মা হওয়া যায় না (PCOS and pregnancy problems)? নাকি মা হওয়ার পথেও অনেক জটিলতা থাকে?

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 17 November 2025 21:47
দ্য ওয়াল ব্যুরো: 'এই তোর না পিসিওএস (PCOS) আছে! কবে বিয়ে করবি? এরপর বাচ্চা নিবি কবে? বয়স বাড়লে বাচ্চা আসতে কত সমস্যা জানিস? পিসিওএসে তো আরও কত জটিলতা'... এইসব প্রশ্ন শুনে শুনে কান-মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় একটা গোটা প্রজন্মের। একদিকে কেরিয়ারের চিন্তা, অন্যদিকে পিরিয়ডও ঠিকঠাক সময়ে হয় না (pcos and irregular period)। তার ওপর পিসিওএস থাকায় মা (PCOS and pregnancy) হওয়ার সমস্যা নিয়েও কথা শুনতে হয়।
পিসিওএস থাকলে কি মা হওয়া যায় না (PCOS and pregnancy problems)? নাকি মা হওয়ার পথেও অনেক জটিলতা থাকে? দ্য ওয়াল-কে দেওয়া সাক্ষাৎকারে আজকালকার কেরিয়ারমুখী মহিলাদের জন্য কী টিপস দিলেন সিনিয়র গাইনোকোলজিস্ট এবং অবস্টেস্ট্রিশিয়ান ধ্রুবা রায়?
ডক্টর ধ্রুবার কথায়, ‘পিসিওএসে গুরুত্বপূর্ণ উপসর্গগুলির মধ্যে একটি হল অনিয়মিত পিরিয়ড। মাঝে মাঝে পিরিয়ডে গ্যাপ পড়ে যাওয়া, হতে পারে দু’তিন মাস ছাড়া ছাড়া, আবার হলে একটানা অনেকদিন ধরে চলছে। ইস্ট্রোজেন-প্রজেস্টেরনে ভারসাম্য নষ্ট হলে এমনটা হয়। তিনি বলেন, 'অনেকদিন ধরে পিরিয়ড হচ্ছে না, তা হয়তো একটা বড়সড় লক্ষণ যে তার ওভ্যুলেশন ঠিক করে হচ্ছে না।’
মা হওয়ার জন্য দরকার ঠিকঠাক ওভ্যুলেশন, বলছেন গাইনোকলজিস্ট
তিনি বলছেন, 'নিয়মিত পিরিয়ড শুরু হওয়া মানে ওভ্যুলেশন হচ্ছে। নিয়মিত অভ্যুলেশন শুরু হলে তিনি কেন মা হতে পারবেন না, অবশ্যই পারবেন।'
তাহলে পিরিয়ড নিয়মিত হওয়াই কি মা হওয়ার আসল ধাপ পেরনো? কীভাবে তা সম্ভব?
ডায়েট এবং এক্সারসাইজের ওপর বিশেষ জোর দিলেন অভিজ্ঞ গাইনোকলজিস্ট। তাঁর কথায়, 'সাধারণত ওভারির কাজে ব্যাঘাত ঘটলে হরমোনের ভারসাম্য দেখা দেয় – তার প্রভাবেই শরীরে নানা রকম প্রভাব দেখা দেয়, উপসর্গ শুরু হয়। কেউ যদি মনে করেন ওষুধ খাবেন না, তাহলে ডায়েট এবং এক্সারসাইজেই অনেকক্ষেত্রেই কন্ট্রোলে রাখা যায় পিসিওএস বা তার উপসর্গগুলিকে।'
পিসিওএস বা আসলে এমন এক সমস্যা, যা আজকের ব্যস্ততার দিনে একটা খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে একে কাবু করা কঠিন নয়, দরকার কিছু সাধারণ নিয়ম মেনে চলা আর জীবনযাত্রার পরিবর্তন।
সিনিয়র গাইনোকলজিস্ট ধ্রুবা বারবার মনে করিয়ে দিলেন, 'কিছুদিন ওষুধ চলল, তারপর ডায়েট আর এক্সারসাইজ। আর সে ভবিষ্যতে অবশ্যই মা হতে পারবে।'
আচ্ছা কোন বয়সটা 'সঠিক বয়স' মা হওয়ার? আদৌ কি এরকম কোনও বাঁধাধরা নিয়ম আছে?
ডাঃ ধ্রুবার কথায়, 'আগে বলা হতো, ২৫ থেকে ৩০ - এই বয়সটাই হচ্ছে সবচেয়ে ভাল সময় প্রেগন্যান্সির জন্য। কারণ, এই সময় জটিলতা কম থাকে।' আর এখন, যেখানে কেরিয়ার মেয়েদের জীবনে অনেকটা সময় জুড়ে থাকে, তাঁদের কী বলছেন তিনি? তাঁর কথায়, ' আজকাল ৩৫ বছর বয়স পর্যন্ত সেটা ভাবাই যায়।'