কন্ট্রাসেপটিভ পিল (Contraceptive pill in PCOS) মানেই দুশ্চিন্তা। সেইসব প্রশ্নের উত্তর সহজ করে বুঝিয়ে দিলেন সিনিয়র গাইনোকোলজিস্ট এবং অবস্টেস্ট্রিশিয়ান ধ্রুবা রায়।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 17 November 2025 21:48
দ্য ওয়াল ব্যুরো: আজকাল এমন কোনও মহিলা বা টিনএজার খুঁজে পাওয়া খুব মুশকিল যারা পিসিওএস (PCOS)-এর সমস্যায় ভুগছে না। পিরিয়ড হচ্ছে না নিয়ম মেনে, কার হচ্ছে মানে একটানা এমন হয়ে চলেছে যে (irregular periods), থামার লক্ষণ নেই। এদিকে ভয়ানক পেটব্যথা (period cramps) তো রয়েছেই। এমন নানা সমস্যা নিয়ে দৈনন্দিন কাজ, অফিস-স্কুল-কলেজ সামলানো একপ্রকার একটা চ্যালেঞ্জ।
সমস্যার সমাধান করতে গাইনোকলজিস্টের কাছে গেলেন হয়তো, অনেককেই তাঁরা কন্ট্রাসেপটিভ পিল (Contraceptive pill) বা গর্ভনিরোধক বড়ি প্রেসক্রাইব করে থাকেন। সেখানেই কাজ করে নানা দুশ্চিন্তা - আমার কেন কন্ট্রাসেপটিভ পিল দরকার (why contraceptive pill in pcos)? এটা খেলে আবার অন্য কোনও সমস্যা আসবে না তো? আমি মোটা হয়ে যাব না তো? এরপর যদি মা হতে সমস্যা হয়? এরকম নানা প্রশ্নের উত্তর সহজ করে বুঝিয়ে দিলেন সিনিয়র গাইনোকোলজিস্ট এবং অবস্টেস্ট্রিশিয়ান ধ্রুবা রায়।
আগে এখানে বুঝতে হবে, পিরিয়িড অনিয়মিত কেন হয়? আর পিসিওএস-এর ক্ষেত্রে কন্ট্রাসেপটিভ পিল (contraceptive pill for PCOS) কীভাবেই বা কাজ করে?
ডাঃ ধ্রুবা বলছেন, 'এই যে অনেকদিন পর পর পিরিয়ড হওয়া, বা পিরিয়ড হল মানে অনেকদিন ধরে টানা চলবে সেটা - এখানে আসল সমস্যা হল হরমোনের ভারসাম্যহীনতা। মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন নামের যে দুই হরমোন থাকে, (যারা এই গোটা পিরিয়ড ব্যাপারটাকে সামলায় বলা যেতে পারে) তাদের একটা বিশেষ অনুপাতে শরীরে কাজ করতে হয়। সেখানে কোন সমস্যা হলে, একটা কম একটা বেশি হয়ে গেলে দেখা দেয় পিরিয়ড অনিয়মিত হওয়া বা পিসিওএস জাতীয় সমস্যা।'
তিনি বোঝালেন, হরমোনের সমস্যা মানে সেখানে শরীরের গোটা মিলেমিশে কাজ করার ব্যালেন্স বিগড়ে যায়। মুড সুইং-ও কিন্তু মারাত্মক হতে পারে এই হরমোনের এদিক ওদিকের জন্যই। সেখানে হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে কন্ট্রাসেপটিভ পিল।
সবাইকেই কি তাহলে কন্ট্রাসেপটিভ পিল (Contraceptive pill) দেওয়া যায়?
ডাঃ বলছেন, 'কন্ট্রাসেপটিভ পিল আসলে হরমোন পিল। তবে কম বয়সিদের ক্ষেত্রে চেষ্টা করা হয় তা না দেওয়ার। যাঁদের কন্ট্রাসেপশন দরকার বা এই মুহূর্তে বাচ্চা চাইছেন না বা বিয়ে করেননি এখনও - তাঁদের দেওয়া হয়ে থাকে। সাধারণত ৩ থেকে ৬ মাসের জন্যই দেওয়া হয়।'
কন্ট্রাসেপটিভ পিলে আসলে কাজটা কী হয়?
ডাঃ ধ্রুবার কথায়, 'এতে পিসিওএসে যে ইনসুলিন ইনসেনসিটিভিটি দেখা দেয়, তা কমে। অ্যান্ড্রোজেন হরমোনও কমে। এখন কিছু থার্ড জেনারেশন প্রজেস্টেরন পিল আছে, যা কিন্তু ওজন কমাতেও সাহায্য করে।'
এখানেই আর একটা মিথ কাজ করে, পিল খেলেই কি ওজন বাড়ে? কী জানালেন সিনিয়র গাইনোকোলজিস্ট?
তাঁর কথায়, 'এটা কিন্তু একদমই ভুল ধারণা। সব পিল ওজন বাড়ায় না। আজকাল ডোজ অ্যাডজাস্ট করা সম্ভব। খুব কম ডোজের কন্ট্রাসেপটিভ পিল দেওয়া হয়। তাতে শুধু যে পিরিয়ডটা ঠিক সময়ে হবে তাই নয়, হরমোনের যে ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতা ছিল শরীরে, তাও ঠিক হয়।'
তিনি আর বলেন, এই কন্ট্রাসেপটিভ পিল প্রেসক্রাইব করে দেখা গেছে, ৩ মাস হয়তো পিরিয়ড হল, তার পরও অনেকদিন সুস্থ আছেন কেউ।
অতএব,কন্ট্রাসেপটিভ পিল সংক্রান্ত যে ধারণা ছিল, তা কিন্তু মিথ বা ভুল। পিসিওএস বা পিরিয়ড সংক্রান্ত যে কোনও সমস্যা থাকলে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সমস্যা অনুযায়ী কোন কন্ট্রাসেপটিভ পিল আপনার প্রয়োজন, তা জানার জন্য বিশেষজ্ঞের পরামর্শই সঠিক সমাধান।