বর্ষাকাল যতই মনমাতানো হোক না কেন, এই ঋতুতে হজমের সমস্যা একটা নিত্যসঙ্গী।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 July 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: বর্ষাকাল যতই মনমাতানো হোক না কেন, এই ঋতুতে হজমের সমস্যা একটা নিত্যসঙ্গী। গ্যাস্ট্রিক ফাংশন ধীর হয়ে যায়, পেটভার লাগে, অল্প খেলেও যেন পেট ফাঁপছে বলে মনে হয়। এর মূল কারণ বাতাসে বেশি আর্দ্রতা এবং জোলো ঠান্ডা পরিবেশ, যা আমাদের শরীরের হজম প্রক্রিয়াকে ধীরে করে দেয়।
এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যেগুলি প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক চিকিৎসা এবং ঘরোয়া টোটকার অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক গবেষণাও বলছে, এই খাবারগুলিই বর্ষায় হজম ঠিক রাখতে ভীষণ উপকারী।
বাতাসের অতিরিক্ত আর্দ্রতা আমাদের শরীরের ‘ডাইজেস্টিভ ফায়ার’ কমিয়ে দেয়। পেটের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়। লিম্ফ্যাটিক সিস্টেম ধীরগতি হয়ে পড়ে। ফলে শরীর থেকে টক্সিন বেরতে পারে না ঠিকভাবে। ফলে ক্লান্ত বোধ হয়, পেট ফাঁপে এবং খাওয়ার পর শরীর ভার লাগতে থাকে।
বর্ষায় হজমের জন্য কার্যকর ৭ খাবার:
১) আদা – হজম শক্তির প্রাকৃতিক স্টার্টার
আদায় থাকা ‘জিঞ্জেরল’ হজমক্ষমতা বাড়ায়, পাকস্থলীর খেয়াল রাখে এবং খারাপ ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকায়। সকালে খালি পেটে ১–২ ইঞ্চি আদা টুকরো গরম জলে ১৫ মিনিট ফুটিয়ে খেলেই কিছুদিন বাদে উপকার পাবেন।
২) হলুদ – অ্যান্টি-ইনফ্লেমেটরি সুপারফুড
হলুদের কারকিউমিন অন্ত্রে প্রদাহ কমায় এবং লিভার ডিটক্সে সাহায্য করে। গাট ব্যাকটেরিয়ার ভারসাম্য ফেরায়। হাফ চামচ হলুদ গুঁড়োর সঙ্গে এক চিমটে গোলমরিচ, গরম জলে মিশিয়ে খেতে পারেন।
৩) মৌরি – হজম সহায়ক
মৌরির অ্যানেথল পেটের পেশি শিথিল করে, গ্যাস কমায় এবং হজমে সাহায্য করে। শরীরে মিনারেলের ভারসাম্য বজায় রাখে। সারারাত ভিজিয়ে রাখা মৌরির জল সকালে খালি পেটে খেতে পারেন, বাকি গোটা মৌরি চিবিয়ে খান।
৪) লেবু – দেহের অ্যাসিড-বেসের ভারসাম্যে
লেবুর সাইট্রিক অ্যাসিড হজমক্ষমতা বাড়ায়। ভিটামিন সি শরীরের প্রতিরোধক্ষমতা বাড়ায়। লিভার পরিষ্কার করে পেট হালকা রাখতে কার্যকর। খাওয়ার ২০–৩০ মিনিট আগে গরম জলে লেবুর রস মিশিয়ে খান।
৫) পুদিনা – শরীর ঠান্ডা করে হজমও বাড়ায়
মেন্থল হজমরস বাড়ায় ও গ্যাস কমায়, বিশেষত বর্ষায় পেটভারের সমস্যায় দারুণ কাজ করে। তাজা পুদিনা পাতা থেঁতো করে গরম জলে ভিজিয়ে খান।
৬) জিরে – মেটাবলিজম বাড়ানোর প্রাকৃতিক উপায়
এতে থাকা থাইমোকুইনোন ও কিউমিনঅ্যালডিহাইড হজমে সহায়তা করে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে। এনার্জি ধরে রাখে, হজমের গতি বাড়ায়। ১ চা চামচ জিরে ২ কাপ জলে ১৫ মিনিট ফোটান। ঠান্ডা হলে খেতে পারেন।
৭) তুলসী – মানসিক চাপ কমিয়ে পেট ঠিক রাখে
তুলসীর অ্যাডাপ্টোজেন উপাদান মনকে শান্ত করে, হজমতন্ত্রকে রিল্যাক্স করে। গাট-ব্রেন সংযোগ ঠিক রেখে হজমে সহায়তা করে। ৮–১০টি তাজা পাতা গরম জলে ভিজিয়ে তুলসী চা তৈরি করুন।
বর্ষায় এই পানীয় খান নিয়ম মেনে -
সপ্তাহ ১: শুধু আদা চা ও লেবু জল শুরু করুন
সপ্তাহ ২: হলুদ-গোলমরিচ আর মৌরি যুক্ত করুন
সপ্তাহ ৩: পুদিনা, জিরে ও তুলসী আনুন রুটিনে
সপ্তাহ ৪: নিজের সহনশীলতা বুঝে মাত্রা ও সময় নির্ধারণ করুন
শুধু হজম নয়, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে, ত্বক পরিষ্কার হবে, ব্রন কমবে। এনার্জি বজায় থাকার পাশাপাশি মানসিক স্থিতিও বজায় থাকবে। ঋতুভিত্তিক খাদ্যাভ্যাসই প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে সুস্থ থাকার সবচেয়ে সহজ পথ।