শীতকালে বিট খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য কতটা নিরাপদ?

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 9 December 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: শীতের বাজারে রঙের বাহার। সবুজ পালং–মেথি থেকে শুরু করে লাল, কমলা, হলুদ নানা সবজি। এ সবকটাই পুষ্টিগুণে ভরপুর। তবে মনে রাখতে হবে, সব সবজি কিন্তু সবার জন্য নয়। বিশেষত ডায়াবিটিস থাকলে খাবার মুখে তোলার আগে ভালভাবে জেনে নেওয়া জরুরি। কারণ ভুল খাবার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই প্রশ্ন ওঠে, শীতের দিনে বিট খাওয়া কি ডায়াবিটিস রোগীদের জন্য নিরাপদ?
ডায়েটিশিয়ানদের মতে, বিট সত্যিই একটি পুষ্টির খনি। ভিটামিন, মিনারেল, ফাইবার সবই রয়েছে এতে। স্যালাড, তরকারি বা ভাজা যেভাবেই খান, শরীর পায় প্রয়োজনীয় পুষ্টি। বিটের মিষ্টি স্বাদও অনেকেরই পছন্দ। তাই শীতকালে নিয়ম মেনে খেলে বিট শরীরের উপকারই করে।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবিটিস রোগীদের জন্য বিট বিশেষভাবে উপকারী। কারণ এতে থাকা প্রাকৃতিক নাইট্রেট শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই নাইট্রিক অক্সাইড শীতের দিনে ধমনি–শিরা প্রসারিত করে, ফলে নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ। একই সঙ্গে রক্তে শর্করা কমাতেও সাহায্য করে বিটে থাকা ফাইবার। এটি গ্লুকোজ শোষণের গতি কমিয়ে দেয়। অন্যদিকে ম্যাঙ্গানিজ ইনসুলিন তৈরিতে সাহায্য করে, যা ডায়াবিটিস রোগীদের জন্য বাড়তি সুবিধা।
বিট মানসিক চাপ কমাতেও ভূমিকা রাখে। এতে থাকা ট্যালিনস ও ফেনোলিক যৌগ শরীরের স্ট্রেস কমায়। ডায়াবিটিস রোগীদের ক্ষেত্রে মানসিক চাপ কমানো খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের ডায়েটে সামান্য বিট যুক্ত করলে উপকার পাওয়া যায়।
তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি, বিটে প্রাকৃতিক মিষ্টি রয়েছে। তাই রক্তে শর্করা অতিরিক্ত থাকলে বিট ভারী খাবারের সঙ্গে না খেয়ে দুটি মিলের মাঝখানে খাওয়াই ভাল। এতে সুগার হঠাৎ বাড়ার ঝুঁকি কমে।
সব মিলিয়ে বলা যায়, নিয়ম মেনে খেলে বিট ডায়াবিটিস রোগীদের জন্য একদম নিরাপদ। শুধু সঠিক সময় ও পরিমাণে খাওয়ার দিকে নজর রাখলেই শীতের দিনে বিট হতে পারে একটি স্বাস্থ্যকর পছন্দ।