গাল-সিঁথি রাঙা হয়ে উঠবে, সধবারা হাতের নোয়ায় সিঁদুর ছুঁইয়ে দেবেন একে ওপরের। তবে কিছু সামান্য অসাবধানতায় এই আনন্দের পর্বই হয়ে উঠতে পারে বিভীষিকা।

দশমীর সিঁদুরখেলা
শেষ আপডেট: 2 October 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: কোনও পরিণীতা হয়তো এইবার প্রথম সিঁদুর খেলবেন, কেউ হয়তো বহু বছর বিদেশে থাকার পর এইবার দেশে ফিরে অংশ নেবেন পাড়ার মণ্ডপে। সব মিলিয়ে দশমীর সিঁদুরখেলা (sindurkhela) বাঙালির দুর্গাপুজোর অন্যতম আনন্দঘন পর্ব।
গাল-সিঁথি রাঙা হয়ে উঠবে, সধবারা হাতের নোয়ায় সিঁদুর ছুঁইয়ে দেবেন একে ওপরের। অবিবাহিতারাও অংশ নেবেন কেউ কেউ এই আচারে।
তবে কিছু সামান্য অসাবধানতায় এই আনন্দের পর্বই হয়ে উঠতে পারে বিভীষিকা। ব্র্যান্ডেড সিঁদুরের ভিড়ে আজ বেশিই প্রাধান্য পাবে গুঁড়ো সিঁদুর। ত্বক বিশেষজ্ঞদের কথায়, বাজারচলতি রাসায়নিক মেশানো সিঁদুর দিয়ে খেলার পর, ঘাম ও ভিড়ের কারণে ত্বক সহজেই রুক্ষ, শুষ্ক বা সংবেদনশীল হয়ে যেতে পারে। তাই খেলার আগে ও পরে কিছু স্কিনকেয়ার রুটিন মেনে চললে ত্বক থাকবে সুরক্ষিত ও উজ্জ্বল (sindurkhela skin care)।
সিঁদুরখেলার আগে ত্বকের যত্ন নিতে কী করবেন?
মুখ পরিষ্কার করুন: খেলার আগে হালকা ফেসওয়াশ ব্যবহার করুন। চাইলে টোনার ব্যবহার করতে পারেন, তাতে ত্বক ফ্রেশ থাকে।
ময়েশ্চারাইজ করুন: ত্বক সিঁদুর যাতে শুষে না নিতে পারে, তাই হালকা ময়েশ্চারাইজার লাগান। শুষ্ক ত্বকে ঘন ক্রিম, তৈলাক্ত ত্বকে জেল-ভিত্তিক ময়েশ্চারাইজার উপযোগী।
সানস্ক্রিন মাস্ট: যেহেতু অনেক জায়গাতেই দিনের বেলা রোদ থাকাকালীন সিঁদুরখেলা হয়, তাই SPF 30 (বা তার বেশি) সানস্ক্রিন মুখ, গলা ও হাতে, শরীরের বাকি খোলা অংশে লাগিয়ে নিন।
মেকআপ হালকা রাখুন: প্রাইমার, হালকা ফাউন্ডেশন বা BB ক্রিম আর ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন।
লিপ কেয়ার: ঠোঁটের বিশেষ যত্ন প্রয়োজন। লিপ বাম বা ম্যাট লিপস্টিক ব্যবহার করুন, ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া বা সিঁদুর লেগে ফেটে যাওয়া থেকে রক্ষা পাবে।
চুলেরও খেয়াল রাখা দরকার
সিঁথিতে লাগানোর সময় বাকি মাথাতেও সিঁদুর ভরে যায়। পারলে চুল বেঁধে রাখুন বা ওড়না-শাড়ির আঁচল দিয়ে আড়াল করে করুন। চুলের গোড়ায় হালকা তেল বা অ্যালোভেরা জেল লাগাতে পারেন। তাতে পড়ে সিঁদুর তুলতে সুবিধা হয়।
পরনের পোশাক হোক আরামদায়ক: সুতির আরামদায়ক কাপড় পরুন, খেলার মজাও হবে দ্বিগুণ।
সংবেদনশীল ত্বকের জন্য আলাদা করে নজর রাখা প্রয়োজন। রাসায়নিক সিঁদুর থেকে সুরক্ষা পেতে ডাক্তারের পরামর্শ মেনে তাঁরা অ্যান্টি-অ্যালার্জিক ক্রিম ব্যবহার করতে পারেন।
এ তো গেল সিঁদুর খেলার আগের সাবধানতা, কিন্তু তারপর অনেকি বেশ কিছু ভুল করে ফেলেন। ফলে ত্বকে সমস্যা বাড়ে। সিঁদুরখেলার পরের বেশ কিছু টিপস মেনে চললে ত্বক নিঃশ্বাস নিতে পারবে, আপনারও চিন্তা কমবে।
প্রথমে আলগা সিঁদুর ঝেড়ে ফেলুন: মুখে জল দেবেন না, প্রথমে হালকা হাতে ঝেড়ে বাড়তি গুঁড়ো ঝরে যেতে দিন।
ক্লেনজিং: অয়েল বেসড ক্লেনজার দিয়ে হালকা করে পরিষ্কার করুন, তারপর ওয়াটার বেসড ফেস ওয়াশ ব্যবহার করুন। এই পর্যায়ে বেশি ঘষবেন না, যতটা স্বাভাবিকভাবে উঠে আসে, সেটাই ভাল।
টোনার ব্যবহার: সিঁদুর খেলার পর রাসায়নিকের প্রভাবে ত্বকের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়। টোনার লাগালে ত্বকের শুষ্কতা কমে। বাড়তি ধুলো ও ময়লা দূর হয়।
অ্যালোভেরা জেল বা ক্যালামাইন লোশন: জ্বালাভাব মনে হলে এই দুটো জিনিস ব্যবহার করতে পারেন। এগুলো ত্বককে শান্ত রাখে।
সবশেষে, ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।
পরের দিনও বেশি মেকআপ ব্যবহার না করাই ভাল।
সতর্কতা: বাজারচলতি সিঁদুরে কৃত্রিম রং, সীসা, মারকিউরি-সহ রাসায়নিক থাকে। তাই সম্ভব হলে ভেষজ সিঁদুর ব্যবহার করুন।
সিঁদুরখেলা শুধু মজার জন্য নয়, ত্বকের স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ। সঠিক স্কিন কেয়ার করলে খেলার আনন্দের পাশাপ্সহি ত্বকের জেল্লাও অটুট থাকবে।
বিধিবদ্ধ সতর্কতা: এই নিবন্ধটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে এবং পেশাদার চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। চিকিৎসাগত অবস্থা সম্পর্কে যেকোনও প্রশ্নে সর্বদা আপনার ডাক্তারের পরামর্শ নিন।