চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিরল ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 24 July 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিরল ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। মাত্র তিন মাসের এক শিশু, জন্মের পর থেকেই তার হৃদযন্ত্রে গুরুতর সমস্যা। শেষ ভরসা ছিল হার্ট ট্রান্সপ্লান্ট (Heart Transplant)। কিন্তু যেটা করা হল, তা চিকিৎসাবিজ্ঞানে এক অভূতপূর্ব সাফল্য, একটি 'মৃত' হৃদপিণ্ডকে অপারেটিং টেবিলেই পুনরুজ্জীবিত করে ওই শিশুর শরীরে প্রতিস্থাপন করলেন চিকিৎসকেরা।
এটি কোনও সাধারণ ট্রান্সপ্লান্ট নয়। এই অপারেশনে হার্টটি সম্পূর্ণ রক্ত সংবহন বন্ধ হয়ে যাওয়ার পর মৃত বলে বিবেচিত হয়েছিল। অথচ, উত্তর ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের একদল চিকিৎসক অপারেশন থিয়েটারেই সেই হৃদপিণ্ডে নতুন প্রাণ ফিরিয়ে দেন।
ডিউকের চিকিৎসকেরা একটি অক্সিজেনেটর, সেন্ট্রিফিউগাল পাম্প ব্যবহার করে হার্টটিকে অনটেবিল রি-অ্যানিমেশন পদ্ধতিতে পুনরুজ্জীবিত করেন। দাতার পরিবারের অনুমতিতে সম্পন্ন হয় এই জটিল প্রক্রিয়া। এরপর তা সফলভাবে তিন মাসের শিশুর শরীরে প্রতিস্থাপন করা হয়।
জানা যাচ্ছে, অপারেশনের ছয় মাস পরও শিশুটি একেবারে সুস্থ, শরীরের কোথাও কোনও জটিলতা নেই। নতুন হার্টকে ‘ফরেন বডি’ হিসেবে শরীর গ্রহণ করেনি, বরং নিজের অঙ্গ হিসেবেই মেনে নিয়েছে।
হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, “মৃত ঘোষণা করা হলে অঙ্গ সংরক্ষণ করেই প্রতিস্থাপন হত। কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ বন্ধ হৃদপিণ্ডকে জীবিত করে প্রতিস্থাপন করা হয়েছে। চিকিৎসাশাস্ত্রে একে বড় পদক্ষেপ বলাই যায়।”
এমন নজিরবিহীন সাফল্যের মধ্যেও বিতর্ক রয়েছে। কেউ কেউ বলছেন, মৃতদেহে সংবহন বন্ধ হওয়ার পর রি-অ্যানিমেশনের নৈতিকতা নিয়ে ভাবতে হবে। তবে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি এখন বিকল্প পদ্ধতিতে মৃত হৃদপিণ্ড প্রতিস্থাপনের রাস্তাও খতিয়ে দেখছে।
এই গবেষণাটি "New England Journal of Medicine"-এ প্রকাশিত হয়েছে। চিকিৎসক অ্যারোন উইলিয়ামস বলেছেন, “এই পদ্ধতি যদি বিশ্বজুড়ে চালু হয়, তাহলে আর কাউকে প্রতিস্থাপনযোগ্য হার্টের অভাবে মরতে হবে না।”