এক কাপ কফি মানে শুধু স্বাদ নয়, হতেই পারে আপনার স্মার্ট চয়েস।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 November 2025 20:12
দ্য ওয়াল ব্যুরো: অনেকেরই কফি (morning coffee) না হলে দিনটাই শুরু হয় না। আবার কারও কাছে, 'Coffee first, life later!' কারও কাছে এটা নিজের সঙ্গে একটু নীরব সময় কাটানোর অজুহাত। কফির ধোঁয়ায় মিশে থাকে ব্যস্ততার আগে একফোঁটা শান্তি।
কিন্তু জানেন কি, আপনার এই প্রিয় পানীয়টাই যদি ভুল নিয়মে খান, তা উল্টে শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে? সেই জায়গাতেই নতুন দিশা দেখালেন হার্ভার্ডের চিকিৎসক ও গবেষক তৃষা পাসরিচা (Trisha Pasricha)। তাঁর মতে, কফি খাওয়ার সময়, পদ্ধতি আর তাতে কী কী মেশাচ্ছেন, সেই সংক্রান্ত সামান্য সচেতনতাই শুধু সতেজতাই নয়, বাড়িয়ে দিতে পারে আয়ুও।
ড. তৃষা পাসরিচা সম্প্রতি ইনস্টাগ্রামে জানিয়েছেন, কফি খাওয়ার সঠিক পদ্ধতি জানলে তা শুধু তৃপ্তিই নয়, স্বাস্থ্যগুণেও ভরপুর হয়ে উঠতে পারে। তাঁর দেওয়া ৭টি বিজ্ঞানসম্মত টিপস হয়ে উঠতেই পারে কফিপ্রেমীদের নতুন স্বাস্থ্য-সংবিধান।
প্রতি কাপে এক চা চামচের বেশি চিনি নয়
২০২২ সালের এক গবেষণা অনুযায়ী, যাঁরা চিনি ছাড়া কফি খান, তাঁদের আয়ু তুলনামূলকভাবে বেশি। তবে হালকা মিষ্টি বা এক চা চামচ চিনি দিয়েও সেই উপকার মেলে।
কৃত্রিম মিষ্টি ব্যবহারের আগে সাবধান
ডাঃ পাসরিচা জানান, কৃত্রিম মিষ্টি (artificial sweetener) শরীরে বিপরীত প্রভাব ফেলতে পারে। বরং প্রাকৃতিক স্বাদের দিকেই মন দিন।
প্রক্রিয়াজাত কফি ক্রিমার এড়িয়ে চলুন
বেশিরভাগ জনপ্রিয় কফি ক্রিমারে থাকে ভেজিটেবল অয়েল ও অতিরিক্ত চিনি। তাই দুধ বা সামান্য দারচিনি দিয়েই তৈরি করুন আপনার পছন্দের কফি।
ফ্রেঞ্চ প্রেসড কফি কম খান
প্রতিদিন ৬ কাপ বা তার বেশি ফ্রেঞ্চ প্রেস কফি কোলেস্টেরল বাড়াতে পারে, কারণ এতে থাকা ডিটারপিন (Diterpene) নামক উপাদান লিভারের ক্ষতি করে।
ইনস্ট্যান্ট ও ডিক্যাফ কফিও ভাল বিকল্প
গবেষণা বলছে, ইনস্ট্যান্ট ও ডিক্যাফ কফিতেও থাকে সমান উপকারিতা। এগুলিও ফিল্টার করা থাকে বলে ডিটারপিনের ঝুঁকি কম।
দুপুরের আগেই কফি খাওয়া সেরে ফেলুন
২০২৫ সালের এক গবেষণায় দেখা গেছে, যারা দুপুরের আগে কফি খান, তাঁদের মধ্যে মৃত্যুঝুঁকি ১৬% কম। কারণ রাতে কফি খেলে মেলাটোনিন ক্ষরণ ৩০% কমে যায়, ঘুমের ছন্দ নষ্ট হয়।
কফি শরীরের প্রাকৃতিক রিফ্লেক্স সক্রিয় করে
কফি পান করার পর অনেকের বাওয়েল মুভমেন্ট (gastrocolic reflex) দ্রুত হয়— যা একেবারে স্বাভাবিক ও স্বাস্থ্যকর। তাই কফির সময় ঠিক করুন বুদ্ধি খাটিয়ে।
কফি শুধু এক পানীয় নয়, বরং দৈনন্দিন জীবনের অংশ, কখনও ঘুমভাঙা সকালের সঙ্গী, কখনও ব্যস্ত দুপুরের বিরতি। কিন্তু এখন থেকে এক কাপ কফি মানে শুধু স্বাদ নয়, হতেই পারে আপনার স্মার্ট চয়েস।