আন্তর্জাতিক কফি দিবসে নজর দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী ফিল্টার কফিতে। জানুন কোথায় পাবেন আসল স্বাদের সেই কফি আর কেন এখনও এটি দক্ষিণ ভারতের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 October 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: আজ, ১ অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস। দক্ষিণ ভারতে কফি শুধুই একটা পানীয় নয়, জীবনযাত্রার অঙ্গ। আর তার কেন্দ্রে রয়েছে ফিল্টার কফি বা স্থানীয়দের ভাষায় ফিল্টার কপি। ঝাঁঝালো, ফেনায় ভরা এই কফি প্রজন্মের পর প্রজন্ম ধরে বাড়িতে বাড়িতে সকালে ঘুম ভাঙানো, মুড ঠিক করা বা রিফ্রেশ হওয়ায় আরেক নাম। গরম দুধ, ধীরে ধীরে কফি ফিল্টার হয়ে পড়ার শব্দ আর শেষে সেই গন্ধ, দক্ষিণ ভারত বা দক্ষিণ ভরতের সঙ্গে যোগসূত্র ছাড়া পাওয়া মুশকিল।
দক্ষিণ ভারতের এমন কিছু বিখ্যাত কফির দোকান আছে, যা আজও এই কফির ঐতিহ্য বহন করে ও প্রতিদিন প্রচুর মানুষকে খুশি করে। এই আন্তর্জাতিক কফি দিবসে সেসব জায়গার হদিশ রইল দ্য ওয়ালে। চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া থেকে কেরালার পাহাড়ি শহরগুলো, যেখানেই যান না কেন, এই কফি খুঁজে পাবেন। অনেক জায়গা এখন ফুড ডেলিভারি অ্যাপেও পাওয়া যায়।
ফিল্টার কফির বিশেষত্ব কী?
১. ডেককশন পদ্ধতি: ইনস্ট্যান্ট কফির মতো নয়, ফিল্টার কফি তৈরি হয় বিশেষ ধাতব ফিল্টারে। ধীরে ধীরে ডেককশন তৈরি হয়, আর তাতেই আসে ওমন সুন্দর গন্ধ আর স্বাদ।
২. চিকোরির মিশ্রণ: দক্ষিণের কফিতে চিকোরি থাকে, যা কফিকে দেয় আলাদা ঝাঁঝালো স্বাদ।
৩. ফেনায় ভরা গরম কফি: ডেককশন, গরম দুধ আর চিনি মিশিয়ে টাম্বলার-ডাবরায় ঢালাই করা হয় বারবার। তাতেই তৈরি হয় বিশেষ ফেনা।
৪. আড্ডার আবহকে স্মৃতির পাতায় জায়গা করে দেয়: ফিল্টার কফি শুধু স্বাদের জন্য নয়, এটা আসলে আড্ডা, রাজনীতি, সিনেমা আর কথোপকথনের অঙ্গ।
দক্ষিণ ভারতের ১০টি সেরা ফিল্টার কফির ঠিকানা
তামিলনাড়ু
সারাভানা ভবন, চেন্নাই: ডোসা আর থালির সঙ্গে কফিও একেবারে নিখুঁত।
রত্না ক্যাফে, ট্রিপ্লিকেন, চেন্নাই: ১৯৪৮ থেকে শুরু, এখানে কফি মানেই ইতিহাস।
কর্নাটক
ইন্ডিয়া কফি হাউস, চার্চ স্ট্রিট, বেঙ্গালুরু: পুরনো দিনের আবহে ঝাঁঝালো কফি।
সেন্ট্রাল টিফিন রুম (CTR), মল্লেশ্বরম, বেঙ্গালুরু: মাখন-ডোসার সঙ্গে একেবারে ক্লাসিক কম্বো।
কেরালা
ইন্ডিয়া কফি হাউস, মুনার: পাহাড়ি দৃশ্যের সঙ্গে কফির মেলবন্ধন।
কাশি আর্ট ক্যাফে, ফোর্ট কোচি: শিল্প আর কফির এক সুন্দর সমন্বয়।
অন্ধ্রপ্রদেশ
মাদ্রাজ ফিল্টার কফি, বিজয়ওয়াড়া: ছোট্ট দোকান, বড় স্বাদ।
কুম্ভকোনম ডিগ্রি কফি, বিজয়ওয়াড়া: ডিগ্রি কফির আসল স্বাদ এখানেই পাওয়া যায়।
তেলঙ্গানা
চেন্নাই কফি শপ, পাঞ্জাগুট্টা, হায়দরাবাদ: সহজলভ্য, সস্তা কিন্তু খাঁটি স্বাদের কফি।
কোয়েম্বাটুর ফিল্টার কফি (CFC), হায়দরাবাদ: আধুনিক সাজসজ্জা, কিন্তু কফি পুরনো দিনের মতোই।
কখন খাওয়া হয় ফিল্টার কফি?
সকালের শুরু, খাবারের পর, বিকেলের আড্ডা কিংবা রাত জাগার সময়, যে কোনও মুহূর্তে খাওয়া যেতে পারে।
অথেন্টিক ফিল্টার কফি চিনতে হলে খেয়াল রাখুন তিনটে জিনিসে, ফেনা, গন্ধ আর টাম্বলার-ডাবরায় পরিবেশন করা দেখে।