গরমে দেদার ওয়েট টিস্যু ব্যবহার করছেন? গবেষণা বলছে, এতে ত্বকের ক্ষতি থেকে শুরু করে ক্যানসারের আশঙ্কা পর্যন্ত বাড়তে পারে। পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়।

এআই দিয়ে তৈরি ছবি
শেষ আপডেট: 7 October 2025 18:47
দ্য ওয়াল ব্যুরো: গরমে ঘেমে-নেয়ে একাকার শরীর। অনেকেই স্বস্তি পেতে বা রিফ্রেশ করতে ওয়েট টিস্যু ব্যবহার করেন। মুহূর্তে ত্বক ঠান্ডা হয়ে যায়, আরাম লাগে। কিন্তু জানেন কি, এই সামান্য স্বস্তির আড়ালে লুকিয়ে রয়েছে মারাত্মক ক্ষতি?
মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এমনই চমকে দেওয়া তথ্য। জানানো হয়েছে, ওয়েট টিস্যুতে থাকে সোডিয়াম লরিল সালফেট, যা সংবেদনশীল ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর। এই রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদে ত্বকের প্রাকৃতিক প্রতিরোধক্ষমতা কমিয়ে দিতে পারে, বাড়াতে পারে জ্বালা, চুলকানি ও অ্যালার্জির ঝুঁকি।
শুধু তাই নয়, ওয়েট টিস্যুর আরেকটি রাসায়নিক উপাদান মিথাইল ক্লোরিসেথিয়া জোলাইন বড়দের ত্বকের জন্যও ক্ষতিকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়মিত ব্যবহার করলে এই রাসায়নিক ও প্লাস্টিকের কণা শরীরের কোষে জমে যেতে পারে। গবেষকদের মতে, দীর্ঘদিন এমনটা চললে শরীরে বিষক্রিয়া তৈরি হতে পারে, এমনকি ক্যানসারের ঝুঁকিও এড়িয়ে যাওয়া যায় না।
বিশেষজ্ঞরা বার বার সতর্ক করে বলেছেন, অনেক ওয়েট টিস্যুতেই প্লাস্টিকের তন্তু থাকে, যা একেবারেই অবক্ষয়যোগ্য নয়। ফলে এই টিস্যুগুলো ব্যবহারের পর যেখানে সেখানে ফেলে দিলে তা পরিবেশের উপরও বিরূপ প্রভাব ফেলে। মাটিতে মিশে না গিয়ে এটি পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে উঠছে।
ত্বকের যত্নে তাই চিকিৎসকদের পরামর্শ, অতিরিক্ত ওয়েট টিস্যু ব্যবহার না করাই ভাল। এর বদলে মুখ বা শরীর পরিষ্কার রাখতে ঠান্ডা জল, নরম তোয়ালে বা প্রাকৃতিক উপাদানের সাহায্য নেওয়াই নিরাপদ। সাময়িক ঠান্ডা লাগলেও, বারবার ওয়েট টিস্যু ব্যবহার করে নিজের ত্বক ও প্রকৃতির ক্ষতি করা একেবারেই উচিত নয়।