প্রাচীন চিকিৎসা ব্যবস্থায় লবঙ্গের ব্যবহার কিন্তু বহু পুরনো।

লবঙ্গ জল
শেষ আপডেট: 15 October 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: লবঙ্গ (clove) নামের এই ছোট্ট মশলাটি যেমন রান্নায় সুগন্ধ বাড়ায়, তেমনই শরীরের জন্যও বহুগুণে ভরপুর এক উপাদান। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরের বিভিন্ন সমস্যা সারাতে প্রায় সিদ্ধহস্ত (clove benefits)।
প্রাচীন চিকিৎসা ব্যবস্থায় লবঙ্গের ব্যবহার কিন্তু বহু পুরনো। লবঙ্গ তেলেরও (clove oil) নানা উপকারিতার কথা তো হামেশাই শোনা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, লবঙ্গ লিভার ভাল রাখতেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে।
কিন্তু জানেন কি, রাতে শোওয়ার আগে এক কাপ লবঙ্গ জল (Clove water) - তার বিশেষ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে?
ফ্লোরিডার প্রসিদ্ধ কসমেটিক সার্জন ড. আলবেরিকো সেসা, যিনি ১৮ বছরেরও বেশি অভিজ্ঞ এবং American Board of Cosmetic Surgery ও American Academy of Cosmetic Surgery-এর সদস্য, তিনি এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, “রাতে কেন লবঙ্গ জল খাওয়া উচিত?”
জুন মাসে পোস্ট করা তাঁর ভিডিওতে ডাঃ সেসা ব্যাখ্যা করেছেন, লবঙ্গ জল প্রাকৃতিকভাবে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। রাতে ঘুমোতে যাওয়ার আগে খেলে এটি হজমে সহায়তা করে, ফোলাভাব কমায় এবং অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া বা প্যারাসাইটের (পরজীবীর) বিরুদ্ধে লড়াই করে।
ডাঃ সেসা বলেন, “লবঙ্গ জলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। রাতে এটি খেলে হজম ভাল হয়, পেটের ফাঁপাভাব কমে, এবং অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।”
লবঙ্গ জল তৈরির পদ্ধতি কী?
ডাঃ সেসার মতে, ঘুমোতে যাওয়ার আগে লবঙ্গ জল খাওয়ার এই অভ্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।
তিনি আরও বলেন, “গবেষণায় দেখা গেছে, এটি রাত্রিবেলায় রক্তে শর্করার ভারসাম্য রাখতে সাহায্য করে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরকে শিথিল করতে সহায়তা করে। এর প্রাকৃতিক উষ্ণতা শরীরে আরামও আনে।”
ডাঃ সেসা খুব সহজভাবে লবঙ্গ জল তৈরির পদ্ধতিও জানিয়েছেন, “কয়েকটি লবঙ্গ গরম জলে ফেলে দিন, ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর ছেঁকে নিন। লবঙ্গগুলো তুলে ফেলে জলটা খেয়ে নিন। একেবারে সহজ কিন্তু উপকারী অভ্যাস।”
এই জল শরীরের সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় সহায়ক হতে পারে। তবে, কোনও নতুন অভ্যাস শুরু করার আগে নিজের সমস্যা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সংক্রান্ত কোনও মতামত দ্য ওয়ালের নয়। দ্য ওয়াল স্বাস্থ্য / সাজগোজ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের মতামতকে গুরুত্ব দিন।