অনেকেই বলে থাকেন এই গাছ ঘরে রাখলে তা নাকি ঘরের হাওয়া শোধন করতে পারে।

গ্রাফিক্স- শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 9 June 2025 21:16
দ্য ওয়াল ব্যুরো: স্পাইডার প্ল্যান্ট (Chlorophytum comosum) ঘরের এক কোণে রাখার মতো সুন্দর এক গাছ, ঘরের সৌন্দর্য বাড়াতে তার জুড়ি নেই। অনেকেই বলে থাকেন এই গাছ ঘরে রাখলে নাকি ঘরের হাওয়া শোধন করতে পারে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক পোস্টের দাবি, NASA-র ১৯৮৯ সালের Clean Air Study বলেছিল, স্পাইডার প্ল্যান্ট ফর্মালডিহাইড, জাইলিন, টলুইনের মতো ক্ষতিকর রাসায়নিক কিছুটা শোষণ করতে পারে। কিন্তু সত্যি কি তাই?
বিশেষজ্ঞরা বলছেন, ৯৫% দূষণ কমেছিল ঠিকই, কিন্তু সেটি হয়েছিল পরীক্ষাগারে। আর সেটা সাধারণ ঘর নয়, সিল করে রাখা ল্যাবরেটরি ঘর।
আমাদের বাড়িতে হাওয়া চলাচল হয়, জানালা খোলা থাকে, সিলিং ফ্যান ঘোরে- এর মানে দূষণের ঘনত্ব অনেক কম, আর গাছের পক্ষে বাতাস পরিষ্কার করার সুযোগও অনেক সীমিত।
গবেষণা বলছে, একটা ২০০ স্কোয়ার ফিট ঘরের বাতাসে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হলে দরকার কম করে ৮–১৫টি স্পাইডার প্ল্যান্ট। একটিতে হবে না। তার ওপর, গাছের পাতায় যদি ধুলো থাকে বা গাছ অসুস্থ হয়, তাহলে তার কার্যক্ষমতা আরও কমে যায়।
কিছু প্রাথমিক গবেষণায় ইঙ্গিত আছে যে, স্পাইডার প্ল্যান্ট ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল স্পোর কিছুটা কমাতে পারে, কিন্তু তা পর্যাপ্ত নয়। এটি এখনও বৈজ্ঞানিকভাবে যথেষ্ট প্রমাণিত নয়।
তাহলে গাছ রাখা কি বৃথা?
একদম নয়। বিশেষজ্ঞরা কিন্তু তা বলছেন না। ছত্তীসগড় মেডিসিনাল প্ল্যান্ট বোর্ডের সিইও জে.এ.সি.এস. রাও বলছেন, ‘গাছগুলো শুধু অক্সিজেন নয়, বরং কিছু রাসায়নিক দূষণও শোষণ করে। তবে সব গাছ সমান কার্যকর নয়। পাতা যত চওড়া, পুরু, খসখসে হয়, দূষণ শোষণের সম্ভাবনা তত বেশি।’
রাবার প্ল্যান্ট, পিস লিলি, এবং স্পাইডার প্ল্যান্ট- সবাই কিছু না কিছু শোষণ করতে পারে। কিন্তু তারা ম্যাজিক নয়, বরং কিছুটা সাহায্য করতে পারে।
অতএব, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ‘একটা গাছেই ৯৫% দূষণ দূর হবে’- এই দাবি বিভ্রান্তিকর। বাস্তবে, স্পাইডার প্ল্যান্ট কিছুটা সাহায্য করে, কিন্তু একা সেটা ঘরের বাতাস বিশুদ্ধ করতে পারে না। চাই একাধিক গাছ, ভালো পরিচর্যা, আর তার চেয়েও বড় কথা- ঘরের নিয়মিত হাওয়া চলাচল।