
ফ্যাক্ট চেক
শেষ আপডেট: 5 April 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো: স্বাদে-গন্ধে ভরপুর এলাচ (cardamom)। একে ছাড়া গরম মশলার কথা যেন ভাবাই যায় না। এলাচের মধ্যে রয়েছে সুগন্ধি এসেনশিয়াল অয়েল। মিষ্টি হোক বা যে কোনও বাঙালি রান্না, এলাচের সুগন্ধই বলে দেবে কেমন হয়েছে স্বাদ। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের গুণও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, সূর্য ডোবার আগে গরম জলের সঙ্গে একটামাত্র এলাচের গুণে বাড়বে চুলের দৈর্ঘ্য, কমবে চুল পড়াও। এলাচের কি সত্যি এমন কোনও গুণাবলি রয়েছে?
কী বলছেন বিশেষজ্ঞ?
লখনউয়ের ডার্মাটোলজিস্ট ডক্টর একাংশ শেখরের কথায়, এলাচের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে চুল পড়া কমার কোনও সম্পর্ক নেই। তবে চুলের দৈর্ঘ্য বাড়া বা নতুন চুল গজানোর ক্ষেত্রে এলাচের কোনও ভূমিকা নেই। তাছাড়া চুল বা তার গোড়ায় পুষ্টি জোগাতে ব্যালেন্সড ডায়েট, সঠিক জীবনযাত্রা, মাথার ত্বক পরিষ্কার রাখাই উপায়। চুলের দৈর্ঘ্য বা স্বাস্থ্যের পেছনে জিনগত ভূমিকাও রয়েছে।
সূর্য ডোবার আগে এলাচ খাওয়ার পেছনে কি কোনও বিজ্ঞানসম্মত কারণ আছে?
বিশেষজ্ঞদের মতে, এই দাবির নেপথ্যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যার বদলে যেটা রয়েছে, তা হল মানুষের বিশ্বাস। মেডিক্যাল সায়েন্সের কাছে এমন কোনও প্রমাণ নেই যে সূর্যাস্তের আগে এলাচ খেলে এর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। ব্যালেন্সড ডায়েটের মাধ্যমেই এই চুলের সমস্যার সমাধান হতে পারে, তার সঙ্গে কোনও বিশেষ মশলার কোনও ভূমিকা নেই।
এলাচ সুগন্ধে ভরপুর একটি মশলা। এর বেশ কিছু স্বাস্থ্যকর দিকও রয়েছে। ভারী খাবার খাওয়ার পর একটা করে এলাচ খেলে তা হজমে সাহায্য করে, মুখশুদ্ধি হিসেবেও এর নাম রয়েছে। একটা ব্যালেন্সড ডায়েটের অংশ হিসেবে এলাচকে রাখাই যায়। তবে শুধু একটা বিশেষ মশলা কোনওভাবে শারীরিক সমস্যার সমাধান করে দিতে পারে না।
তাই বলা যেতে পারে, সূর্য ডোবার আগে গরম জলের সঙ্গে এলাচ খেলে চুল পড়া কমবে বা নতুন চুল গজাতে পারে এবং চুলের দৈর্ঘ্যও বাড়বে, এমন কোনও ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পোস্টে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভুল।