নিরামিষ খেলেই (Vegetarian Person) কেউ ভাবেন আপনি অপুষ্টিতে ভুগছেন, কেউ আবার দয়া করে মাংসের একটা টুকরো অফার করে বলবেন, 'একবার চেখে দেখো!'

প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 June 2025 21:04
দ্য ওয়াল ব্যুরো: ভারতে নিরামিষ (Vegeterian) খাওয়া কি খুব কঠিন কাজ? মোটেই না! আমাদের একটা গোটা রান্নার ধরনই নিরামিষের স্বর্গরাজ্য। তবু কী আশ্চর্য, বিয়ে বাড়ি হোক, অফিসের লাঞ্চ ব্রেক কিংবা বন্ধুর সঙ্গে ট্রিপ, নিরামিষ খাওয়া মানুষদের সবসময়েই ‘ইন্টারভিউর মুখোমুখি’ হতে হয়। নিরামিষ খেলেই (Vegetarian Person) কেউ ভাবেন আপনি অপুষ্টিতে ভুগছেন, কেউ আবার দয়া করে মাংসের একটা টুকরো অফার করে বলবেন, 'একবার চেখে দেখো!'
ঠিক কোন প্রশ্নগুলো প্রায় রোজই শুনতে হয় নিরামিষভোজীদের-
'প্রোটিন পাও কোথা থেকে?'
'প্রোটিন' (Protein) শব্দটা শুনলেই সবার মাথায় আসে চিকেন, ডিম, মটন! আর আপনি নিরামিষ খাচ্ছেন শুনে যেন অবাক হয়ে যায় সবাই, ভেসে একটা প্রশ্ন, 'তুমি বেঁচে আছো কী করে?' জানেন কি, ডাল, ছোলা, রাজমা, পনির, সয়াবিন, এসবেই রয়েছে প্রচুর প্রোটিন। খিচুড়ি বা পরোটা-দই শুধু সুস্বাদু নয়, পুষ্টিতেও ভরপুর। তাই নিরামিষ খেলে যে শরীরে পুষ্টি যায় না, এই ধারণা ভুল।
'মাংস খাওয়ার ইচ্ছে হয় না?'
যাঁরা আগে আমিষ খেতেন, তাঁদের তো এই প্রশ্ন আরও বেশি শুনতে হয়। যেন নিরামিষ খেলে কোনও গোপন কষ্টে ভুগতে হয়। কিন্তু না, নিরামিষেও রয়েছে একাধিক বিকল্প। যেমন- চটপটে চাট, ঝাল চচ্চড়ি, নরম আলুর দম, মাখন-পাওভাজি, আরও কত কী।
'তা তুমি খাও কী?'
মানে! কেউ কি কোনওদিন দক্ষিণ ভারতের কলাপাতায় সাজানো মিল খেয়েছেন? না হয় উত্তর ভারতের একটা বিয়ের বুফে দেখেছেন? নিরামিষ রান্না মানে একঘেয়ে স্যালাড নয়, বরং পরোটা, মশলাদার ডোসা, ভেজ বিরিয়ানি, পনির টিক্কা, আর হরেকরকম স্ন্যাকস (সিঙ্গারা, কচুরি, মোমো)।
'আরে একবার খেয়ে দেখো না, কিছু হবে না!'
মাংস খাওয়া যেন একটা স্পেশাল ক্লাবে ঢোকার ছাড়পত্র। 'এই নে এক চামচ, এমন কিছু না', আপনি নিরামিষ খান আর আপনাকে এই প্রশ্ন শুনতে হয়নি, এমন হতেই পারে না।
'তুমি তো খুব স্বাস্থ্য সচেতন নিশ্চয়ই?'
নিরামিষ মানেই যে সকালবেলা গমের ঘাস আর যোগাসন দিয়ে দিন শুরু হয়, এমন না। চিজি পিজ্জা, রসগোল্লা, সবরকম খাবার ডায়েটে রাখা যায়। নিরামিষ খেয়েও স্বাস্থ্যকর হওয়া সম্ভব, তবে সেটা খাদ্যাভাসের ওপরেই নির্ভর করে।
'রোজ একটাই সবজি খেয়ে খেয়ে বিরক্ত হও না?'
নিরামিষ রান্নায় আছে বৈচিত্র্য। পালং পনির, লাউ কোফতা, সাম্বার ডোসা, বেগুন বাসন্তী, ধনে পাতার মসুর ডাল, দিনে একবারও একই খাবার খেতে হয় না। ঋতুভেদে আলাদা, রাজ্যভেদে আলাদা, কী নেই নিরামিষভোজীদের তালিকায়? তবে একটু লক্ষ্য করলে দেখা যাবে আমিষ (Non-vegetarian) রান্নাই তো বারবার রিপিট হয়।