মশলাদার ঝাল ঝাল খাবারের প্রেমিকদের জন্য এ এক দারুণ সুখবর! শুধু জিভের তৃপ্তিই নয়, প্রচণ্ড ঝালের ওপর পিঠে লুকিয়ে রয়েছে এক চমকপ্রদ স্বাস্থ্যগুণ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 June 2025 20:27
দ্য ওয়াল ব্যুরো: মশলাদার ঝাল ঝাল খাবারের প্রেমিকদের জন্য এ এক দারুণ সুখবর! শুধু জিভের তৃপ্তিই নয়, প্রচণ্ড ঝালের ওপর পিঠে লুকিয়ে রয়েছে এক চমকপ্রদ স্বাস্থ্যগুণ — ওজন কমানো। সাম্প্রতিক এক গবেষণা বলছে, ঝাল খেলে যেমন শরীর ঘামে, তেমনই আপনার খাবার খাওয়ার গতিও কমে। ফলে অতিরিক্ত খাওয়া এড়ানো যায় সহজেই।
খুব দ্রুত খাওয়ার সঙ্গে সরাসরি যোগ রয়েছে ওজন বেড়ে যাওয়া, ওবেসিটি, উচ্চ রক্তচাপ এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়ার মতো সমস্যাগুলির — যা একাধিক রোগ ডেকে আনতে পারে।
পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় জানা গেছে, ঝালের মাত্রা আমাদের খাওয়ার অভ্যাসে সরাসরি প্রভাব ফেলে। গবেষণায় অংশগ্রহণকারী প্রাপ্তবয়স্কদের দেওয়া হয় বিফ চিলি ও চিকেন টিক্কা মসালা, দু’টোতেই ব্যবহার করা হয়েছিল বিভিন্ন মাত্রার সুইট ও হট প্যাপারিকা।
মূল গবেষক ড. পেইজ কানিংহ্যাম জানিয়েছেন, ‘আমরা শুধু খাবারে হট প্যাপারিকার পরিমাণ সামান্য বাড়িয়েছিলাম। আর এতটুকু পরিবর্তনেই দেখা গেল, অংশগ্রহণকারীরা ১১ শতাংশ কম খাচ্ছেন।’ খাবারের সঙ্গে জল ছিল, তবে ঝালের পরিমাণ বাড়লেও জলের খরচে তেমন কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ কম খাওয়ার কারণ জল বেশি খাওয়া নয়।
আরও আশ্চর্যের বিষয়, ঝাল খাবার খেয়েও অংশগ্রহণকারীরা খাবারের স্বাদ উপভোগ করেছেন আগের মতোই। কানিংহ্যামের ভাষায়, ‘খাবারটাকে এমন মাত্রায় ঝাল করা, যাতে স্বাদ না কমে। এটুকু করলেই খাওয়ার পরিমাণ কমে যেতে পারে।’
ঝাল খাবার কীভাবে ওজন কমায়?
লঙ্কার ঝাঁঝাল ঝাঁজ আসে ক্যাপসাইসিন থেকে, যা প্রাকৃতিকভাবে ব্যথা কমায় এবং শরীরের ক্যালোরি খরচের হার বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, ক্যাপসাইসিন শরীরে থার্মোজেনেসিস বাড়ায়, অর্থাৎ শরীর নিজের তাপ উৎপাদনের জন্য ক্যালোরি বার্ন করে। এর ফলে বাড়ে এনার্জি এক্সপেন্ডিচার ও ফ্যাট অক্সিডেশন, যা ওজন কমাতে সহায়ক।
এছাড়াও ক্যাপসাইসিন খাওয়ার পর পেট ভরা অনুভূতি বেশি সময় থাকে, ফলে কম খাওয়ার প্রবণতা দেখা দেয়। কিছু গবেষণায় এমনও বলা হয়েছে, ক্যাপসাইসিন পেটের ভিতরের নির্দিষ্ট কিছু রিসেপ্টরকে সক্রিয় করে, যা খিদে নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাবও রয়েছে।
যাঁরা ঝাল খেতে ভালবাসেন এবং ওজন কমাতে চান, তাঁদের জন্য রইল কিছু কার্যকরী টিপস:
• খাবারে ঝাল বাড়ান: চিলি, হট সস বা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খাবারে স্বাদ বাড়াতে পারেন — তবে সহ্য করার মতো ঝালই ব্যবহার করুন।
• প্রোটিনের সঙ্গে খান: লিন মিট, মাছ বা ছোলার মতো প্রোটিনের সঙ্গে ঝাল খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে — ফলে অতিরিক্ত খাওয়া কমে।
• মনোযোগ দিয়ে খান: ঝালের উপর নির্ভর না করে, খাওয়ার অভ্যাসে পরিবর্তন আনুন। কম তেল, কম নুন ব্যবহার করুন, প্রচুর স্যালাড ও স্যুপ রাখুন ডায়েটে।