
মেনোপজের সঙ্গে ব্রেকফাস্টের কী সম্পর্ক?
শেষ আপডেট: 4 April 2025 19:15
দ্য ওয়াল ব্যুরো: যৌথ পরিবার হোক বা কম জনের সংসার, নানা কাজ সামলে উঠতে মহিলাদের হিমশিম অবস্থা। চাকুরীরতা হলেও বা কী, সকাল থেকে সব কাজ সেরে ব্রেকফাস্ট (breakfast) করা মানেই নাকেমুখে কিছু গুঁজে নেওয়া। পেট ভরানোই যেন আসল কথা। ব্রেকফাস্টে অবহেলা মানেই শরীরের চরম ক্ষতি হতে পারে। নানারকম সমস্যা তো হয়ই, তার পাশাপাশি বিশেষজ্ঞদের মতে, মেনোপজের সময়ে চুলের স্বাস্থ্য বজায় রাখতে ব্রেকফাস্টের (breakfast) আলাদা করে অবদান রয়েছে।
মেনোপজের (menopause) দোরগোড়ায় দাঁড়িয়ে মহিলাদের চুলের টেক্সচার-ভলিউমে প্রভাব পড়তে শুরু করে। নিষ্প্রাণ, পাতলা চুল অনেকেরই হতাশার কারণ হয়ে ওঠে। বাইরে থেকে যতরকম ট্রিটমেন্টই চলুক না কেন, এই সময় পুষ্টিগুণসমৃদ্ধ (nutrients), সঠিক ব্রেকফাস্ট হতে পারে চুলের স্বাস্থ্য (healthy hair) বজায় রাখার একমাত্র উপায়।
মেনোপজের সময়েই শুধু নয়, এই শুরুটা হওয়া উচিত আরও অনেক আগে থেকে, মত বিশেষজ্ঞদের। প্রোটিন, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, আয়রন, ভিটামিন এ, সি, ই, বি কমপ্লেক্স, জিঙ্ক এবং আরও নানা মিনারেলস চুল এবং সমগ্র স্বাস্থ্যের জন্যই প্রয়োজনীয়।
সুন্দর, স্বাস্থ্যকর চুলের জন্য কী কী রাখতে পারেন খাবারে?
‘হেলদি ডায়েট’ মানেই কিন্তু সেখানে শরীরের জন্য প্রয়োজনীয় সব উপাদান থাকে না। কিছু খাবারে হেলদি ফ্যাট থাকলেও কার্ব থাকে কম আবার ফল-সবজিতে প্রোটিন বা ক্যালোরি থাকে কম। তাই সবকিছুর সঠিক ব্যালেন্স রাখা দরকার।
তিন ভাগে ভাগ করা যেতে পারে ব্রেকফাস্টের প্লেটকে-
১) হাতের মুঠোর সমান পরিমাণ যে কোনও প্রোটিন (মাছ, চিকেন, ডিম, কিনোয়া বা ডাল)
২) কমপ্লেক্স কার্বোহাইড্রেটস (আটার পাউরুটির টোস্ট, খোসা-সহ আলুসেদ্ধ (ভাজা নয়), ওটস, বার্লি, ব্রাউন রাইস বা আটার পাস্তা)
৩) হেলদি ফ্যাট (বাদাম বা বাদাম থেকে তৈরি বাটার, সানফ্লাওয়ার-পামকিন সিড, এক বাটি দই বা অল্প চিজ রাখতে পারেন)
বিশেষজ্ঞদের মতে, প্রায় ৫০% মহিলাদের মধ্যে মেনোপজের সময় চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা যায়। তার জন্য বেশিরভাগ সময় ডাক্তার বা পুষ্টিবিদরা মেনোপজের অনেক আগে থেকেই যথেষ্ট পরিমাণে ওমেগা ৩ এবং প্রোটিন রাখতে বলেন রোজের খাবারে। ব্রেকফাস্টে প্রসেসড সিরিয়ালের বদলে ডিম বা নানারকম বীজ খাদ্যতালিকায় রাখা দরকার। বিশেষত মেনোপজ চলাকালীন চিকেন, ডাল, মাছের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার ডায়েটে রাখলে চুলের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় উপাদানের জোগান পায় শরীর।
চুলে সবথেকে বেশি থাকে কেরাটিন নামক এক প্রোটিন। হরমোনাল ইমব্যালেন্স বা জিনগত কারণে চুল পড়ে যায়। পুষ্টির ঘাটতি মিটিয়ে অনেক সময় চুলপড়া রোধ করা যায়। চুলের স্বাস্থ্যের সঠিক খেয়াল রাখার জন্য নিজের চুলের ধরনও জানা ভীষণ দরকার। সেই অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সংক্রান্ত কোনও মতামত দ্য ওয়ালের নয়। দ্য ওয়াল স্বাস্থ্য / সাজগোজ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের মতামতকে গুরুত্ব দিন।