শিশুর ত্বক অত্যন্ত সংবেদনশীল। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে তাদের সুরক্ষার প্রয়োজনীয়তা বেশি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 June 2025 02:20
দ্য ওয়াল ব্যুরো: সূর্যের আলো শিশুর শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে, যা হাড়ের গঠনের জন্য প্রয়োজনীয়। কিন্তু অতিরিক্ত রোদ তাদের বিপজ্জনক। শিশুর ত্বক (baby skin) অত্যন্ত সংবেদনশীল (senstive)। সূর্যের ক্ষতিকর রশ্মি (sun rays) থেকে তাদের সুরক্ষার প্রয়োজনীয়তা বেশি। রোদে বেশি সময় থাকলে হতে পারে সানবার্ন, ত্বকে লালচে দাগ, এমনকী দীর্ঘমেয়াদি ত্বকের ক্ষতি।
শিশুদের সাধারণত দিনে ১০-১৫ মিনিটের বেশি সরাসরি রোদের মধ্যে রাখা উচিত নয়। ১০টা থেকে ৪টা—এই সময়টাই সূর্যরশ্মির প্রভাব সবচেয়ে বেশি হয়। এ সময় শিশুকে বাড়ির ভেতর বা ছায়ায় রাখা সবচেয়ে নিরাপদ।

তাহলে কি শিশুদেরও সানস্ক্রিন (sunscreen) প্রয়োজন?
শিশুর ত্বক প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক পাতলা। তাই সূর্যের অতিবেগুনি রশ্মিতে তাদের ত্বক দ্রুত পুড়ে যেতে পারে। একবার ত্বক ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।
কোন বয়স থেকে শিশুকে সানস্ক্রিন দেওয়া যাবে?
বিশেষজ্ঞদের মতে, ছয় মাসের নিচে শিশুদের ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার না করে ছায়ায় রাখা ও পোশাক দিয়ে গা ঢাকা রাখাই ভাল। কারণ তাদের ত্বক এতটাই সংবেদনশীল যে সাধারণ সানস্ক্রিনও ক্ষতি করতে পারে।
শিশুর বয়স ছয় মাস পার হলে তবেই সানস্ক্রিন ব্যবহার করা নিরাপদ। তখন বাইরে বেরোলে মুখ, হাত ও পায়ের খোলা অংশে শিশুর জন্য নির্ধারিত সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিন প্রতি দুই ঘণ্টা পর পর আবার ব্যবহার করা উচিত, আর শিশুরা যদি ঘামে ভেজে বা জলে খেলা করে, তাহলে আরও ঘনঘন লাগাতে হবে।

সানস্ক্রিন বাছার সময় কী কী জিনিস মাথায় রাখবেন?
সবসময় খেয়াল রাখুন, এমন সানস্ক্রিন ব্যবহার করতে হবে যাতে টাইটেনিয়াম ডাইঅক্সাইড বা জিঙ্ক অক্সাইড আছে। এই খনিজ উপাদানগুলো সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের গভীরে ঢুকতে বাধা দেয় এবং এলার্জির সম্ভাবনাও কম থাকে। SPF ৩০ বা তার বেশি যুক্ত সানস্ক্রিন ব্যবহার করাই সবচেয়ে ভাল। মেঘলা দিনেও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সংক্রান্ত কোনও মতামত দ্য ওয়ালের নয়। দ্য ওয়াল স্বাস্থ্য সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের মতামতকে গুরুত্ব দিন।