Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোজ ফুড ডেলিভারি অ্যাপ থেকে অর্ডার! ব্যস্ততার মাঝে ‘স্মার্ট’ অভ্যাসে কী প্রভাব পড়ছে শরীরে?

ফোনের একটা ট্যাপেই ফুড ডেলিভারি, কিংবা ছুটির দিনে প্রিয় রেস্তরাঁয় খাওয়া, সবটাই এখন জীবনযাপনের অঙ্গ হয়ে গিয়েছে। 

রোজ ফুড ডেলিভারি অ্যাপ থেকে অর্ডার! ব্যস্ততার মাঝে ‘স্মার্ট’ অভ্যাসে কী প্রভাব পড়ছে শরীরে?

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 2 August 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: সারাদিনের কাজের শেষে একটাই চিন্তা, আজ রাতে কী খাব? রোজ অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরার পর রান্না করতে গায়ে যেন জ্বর আসে। তখন বাইরে থেকে খাবার অর্ডার করাটাই সবচেয়ে সহজ উপায় মনে হয়। ফোনের একটা ট্যাপেই ফুড ডেলিভারি, কিংবা ছুটির দিনে প্রিয় রেস্তরাঁয় খাওয়া, সবটাই এখন জীবনযাপনের অঙ্গ হয়ে গিয়েছে। কিন্তু এই ‘স্মার্ট’ অভ্যাস আদতে আমাদের শরীরের উপর কী প্রভাব ফেলছে?

বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস দীর্ঘমেয়াদে ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

মুম্বইয়ের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের গ্যাস্ট্রোইনটেস্টিনাল, ব্যারিয়াট্রিক, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জারির ডিরেক্টর ডাঃ মনোজ জৈন জানিয়েছেন, “প্রতিদিন বাইরের খাবার খাওয়ার অভ্যাস ক্রমাগত স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে।”

রেস্তরাঁর খাবারের মূল সমস্যাটা কী?

ডাঃ জৈন ব্যাখ্যা করেন, “রেস্তরাঁয় তৈরি খাবারে সাধারণত অতিরিক্ত ক্যালোরি, ট্রান্স ফ্যাট, চিনি এবং সোডিয়াম থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই এইসব খাবারে ফাইবার, ভিটামিন বা মিনারেলসের মতো জরুরি উপাদান থাকে না। দেখতে যতই মনকাড়া লাগুক, এগুলো আদৌ স্বাস্থ্যকর নয়।”

বাইরে খাওয়ার ফলে শরীরে কী কী সমস্যা হতে পারে?

একটি ২০২০ সালের গবেষণার (সূত্র: BMC Public Health) উল্লেখ করে তিনি বলেন, “যাঁরা নিয়মিত বাইরের খাবার খান, তাঁদের মধ্যে মেটাবলিক সিনড্রোম দেখা দেয়, যেমন উচ্চ রক্তচাপ, কোমরের মাপ বেড়ে যাওয়া, এবং শরীরে উপকারী HDL কোলেস্টেরলের মাত্রা কমে যাওয়া। এর ফলে ডায়াবেটিস, স্থূলতা বা মোটা হয়ে যাওয়া, হৃদরোগ ও হাইপারটেনশনের ঝুঁকি অনেক বেড়ে যায়।”

বাইরেরে খাবারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা কখনও দীর্ঘমেয়াদে কার্যকর হয় না, বরং আরও লোভ তৈরি করে। তাই ডাঃ জৈনের পরামর্শ, “খাবার অর্ডার করা বা রেস্তরাঁয় খাওয়া একেবারে বন্ধ করতে বলছি না, কিন্তু সেটার একটা সীমা থাকা উচিত। হতে পারে তা মাসে ২ থেকে ৪ বার, কিন্তু এর বেশি কোনভাবেই নয়। কম হলে তো আরও ভাল। যতটা সম্ভব সচেতনভাবে খাবার বেছে নিন, আর বাইরের খাবারের উপর নির্ভরতা কমান।”

কেন এত বাড়ছে বাইরের খাবারের প্রতি ঝোঁক?

এই প্রবণতা আচমকা আসেনি বরং ধীরে ধীরে তৈরি হয়েছে, আর কোভিডের সময় তা আচমকা চরমে পৌঁছয়।

আরউইগা রিসার্চ-এর ম্যানেজিং ডিরেক্টর ও ফার্মাসিউটিক্স-এর গবেষক ডাঃ সৌরভ অরোরা জানাচ্ছেন: “আগে আমরা বেশির ভাগ সময় রান্না করা খাবার খেতাম। কিন্তু গত দশকে ধীরে ধীরে রেস্তরাঁয় খাওয়া বাড়ে। কোভিডের পর এই অভ্যাস দ্রুত বদলে যায়। এখন আমরা দিন দিন আরও বেশি করে অ্যাপে অর্ডার করে খাওয়ার দিকে ঝুঁকছি।”

তিনি আরও বলেন, “একটা পরিবারের চারজন সদস্য চারটা আলাদা রেস্তরাঁ থেকে একসঙ্গে খাবার অর্ডার করছেন, এটা এখন একেবারেই স্বাভাবিক দৃশ্য। এমনকী কুইক কমার্সের (Quick Commerce) দৌলতে ৫-১০ মিনিটেই আইসক্রিম বা স্ন্যাক্স পৌঁছে যাচ্ছে দোরগোড়ায়। ভাবার সুযোগই থাকছে না।”

পুষ্টিগুণ কমছে, বাড়ছে অসুখের ঝুঁকি

প্রসেসড খাবার ও অনিরাপদ রান্নার পরিবেশে তৈরি খাবার এখন আমাদের খাদ্যাভ্যাসের একটি বড় অংশ হয়ে উঠেছে। এর ফলে প্রয়োজনীয় পুষ্টিগুণ যেমন কমছে, তেমনই হাইজিন স্ট্যান্ডার্ড বজায় না থাকায় বাড়ছে খাবার থেকে তৈরি হওয়া ইনফেকশনের সম্ভাবনা।

FSSAI (Food Safety and Standards Authority of India) ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। ডাঃ অরোরা বলেন, “একটা ছোট ক্লাউড কিচেন (বাড়ির তৈরি খাবার) দিনে ২০০–১০০০ পর্যন্ত অর্ডার পাঠাতে পারে। তাই FSSAI এখন লাইসেন্স ডিসপ্লে, খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ (FOSTAC), এক্সপায়ারি ডেট দেখা - এসব বাধ্যতামূলক করছে।”

সবশেষে চিকিৎসকের একটাই কথা, যতটা সম্ভব রান্নাঘরের দিকে ফিরে যান। নিজের খাবার নিজে বানালে, নিজের শরীরের দায়িত্ব আর সচেতনতা, দুই-ই বাড়বে।


```