
শেষ আপডেট: 31 October 2023 13:32
দ্য ওয়াল ব্যুরো: কিডনি ভাল রাখা থেকে শুরু করে পেটের যত্ন— ডাবের জলের জুড়ি মেলা ভার। ডাবের জল যে শুধু শরীর সুস্থ রাখে তা-ই নয়, সেই সঙ্গে চুল এবং ত্বকের যত্নেও সমান উপকারি এই জল। ডাবের জলের অনেক গুণ। ভ্যাপসা গরমে ডাবের জল শরীরের আরাম দেয়। শরীর ঠান্ডা রাখে। ডাবের জলে প্রচুর পরিমাণে খনিজ রয়েছে। সেগুলিও শরীরের নানা উপকারে লাগে। ডিহাইড্রেশন থেকে বাঁচায়, ত্বক ভাল রাখে।
নিষ্প্রাণ হয়ে যাওয়া ত্বক কিংবা শুষ্ক চুলের সমস্যা কমাতে ডাবের জলের জুড়ি নেই। জেনে নিন কী কী কাজে লাগে ডাবের জল।
মনে আছে, ছোটবেলায় জলবসন্ত বা চিকেনপক্স হওয়ার পর মুখে দাগ থেকে যেত। তখন বাড়ির বড়রা ডাবের জল দিয়ে মুখ ধোয়ার পরামর্শ দিতেন। কমবেশি সব মধ্যবিত্ত পরিবারেই মুখের যত্ন নিতে এভাবেই ডাবের জল ব্যবহার হয়ে আসছে। বিশেষজ্ঞরা বলেন, বাজারচলতি ক্রিম বা রাসায়নিক দেওয়া ফেস ওয়াশের তুলনায় অনেক বেশি ভাল ডাবের জল। ত্বকের কোষকে ভেতর থেকে তরতাজা করে। এই কারণেই এখন নানা বিউটি প্রোডাক্টে ডাবের জল ব্যবহার করা হয়।
রুক্ষ ত্বকের যত্নে ডাবের জলের ভূমিকা অনবদ্য। শুষ্ক ত্বকে ব্রণ বেশি হয়। শীতের আবহাওয়ায় ব্রণর সমস্যা রুখতে ব্যবহার করতে পারেন ডাবের জল। সারা দিনে এক বার ডাবের জলে তুলো ভিজিয়ে সারা মুখে ঘষে নিলে দিনভর ত্বক ভাল থাকে।
নাকের ব্ল্যাকহেডস্ নিয়ে অস্বস্তিতে থাকেন? ডাবের জলেই লুকিয়ে রয়েছে তার সমাধান। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত এবং ব্ল্যাকহেডসের সমস্যা তাঁদের জন্য ডাবের জল খুব উপকারি। এই সমস্যার চটজলদি সমাধান করতেও কিন্তু ডাবের জল ব্যবহার করতে পারেন। শীতকালে এমনিতেই ত্বকের জৌলুস হারিয়ে যায়। তবে শীতেও ত্বকের বসন্তের ছোঁয়া পেতে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন ডাবের জল।
ডাবের জলের আছে ভিটামিন সি, বি, কে, জিঙ্ক, আয়োডিনের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে। এই উপাদানগুলি ত্বকের অকালবার্ধক্যে রোধ করে। ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায়। এতে ত্বক তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যায়। তাই ভিতর থেকেই গ্লো আসে! আপনার মুখে সহজেই বয়সের ছাপ পড়তে দেয় না।
গায়ের গন্ধ দূর করতেও দারুণ কাজ করে ডাবের জল। অবাক হচ্ছেন তো? ঘাম হলেই বারবার ডিয়োডোরেন্ট লাগান। সে জায়গায় শরীরে যে জায়গাগুলিতে ঘাম হয়, সেখানে ডাবের জল স্প্রে করে দেখুন তো! গন্ধ দূর হবে।
ডাবের জল দিয়ে মুখ ধোওয়ার আলাদা কোনও নিয়ম নেই। আপনি যেভাবে সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নেন, একইভাবে ডাবের জল দিয়ে মুখ ধুতেই হবে। তবে সপ্তাহে প্রতিদিন হয়তো ডাবের জল দিয়ে মুখ ধোওয়া সম্ভব হয় না। কারণ, আপনার পকেটের দিকেও তাকাতে হবে। কিন্তু সপ্তাহের ৩ দিন অন্তত ডাবের জল দিয়ে মুখ ধুতেই পারেন। এতে আপনি উপকার পাবেনও। তবে আপনার সংবেদনশীল ত্বক হলে এবং ত্বকের কোনও চিকিৎসা চললে এই পদ্ধতি মেনে চলার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের সঙ্গে আলোচনা না করে কোনও ঘরোয়া টোটকা কাজে লাগাবেন না।