
শেষ আপডেট: 26 October 2023 16:13
দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়ার বদলের সময় ভাইরাল জ্বরে বেশি ভোগে শিশুরা। গত কয়েক বছর ধরে অজানা জ্বরে বাচ্চাদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। শিশুরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই অজানা জ্বরের কারণ হতে পারে ব্রঙ্কিওলাইটিস (Bronchiolitis), যার জন্য দায়ী রেসপিরেটরি সিন্সিটিয়াল ভাইরাস (আরএসভি)।
শিশুদের জ্বর, সর্দি-কাশি, শ্বাসের সমস্যার মূল কারণ এই আরএসভি ভাইরাস। গবেষণায় জানা গেছে, ওই ভাইরাসের শরীরে থাকা একরকম প্রোটিনের কারণেই শিশুদের ভোগান্তি বেশি হয়। ওই ভাইরাসের হানায় শিশুদের যে রোগটি হয়, তার নাম- ব্রঙ্কিওলাইটিস। গোটা বিশ্বে বছরে গড়ে যত শিশুর জন্ম হয়, তার অর্ধেকই আক্রান্ত হয় এই ভাইরাসের সংক্রমণে। জন্মের পর এই রোগ (Bronchiolitis) আকছার হয় শিশুদের।
কোন সময়ে এই ভাইরাসের সংক্রমণ বেশি হয়?
অক্টোবর থেকে মার্চ-এপ্রিল অবধি এই ভাইরাসের সংক্রমণ বেশি হয়।
কোন বয়সের বাচ্চারা বেশি ভোগে? কী কী লক্ষণ দেখা দেয়?
জন্মের এক মাস পর থেকেই এই ভাইরাসের সংক্রমণ বেশি হতে দেখা যায়।
সবচেয়ে বেশি ভোগে ৩ থেকে ৬ মাসের শিশুরা।
৫ বছর বয়স অবধি এই ভাইরাস জ্বালাতন করে।
শরীরের রোগ প্রতিরোধ শক্তি খুব দুর্বল হলে বা জন্মের পরে হার্ট বা ফুসফুসের কোনও ত্রুটি থাকলে, এই ভাইরাসের সংক্রমণে মৃত্যুও হতে পারে শিশুদের।
ব্রঙ্কিওলাইটিসের (Bronchiolitis) প্রথম উপসর্গ জ্বর। সর্দি-কাশি, নাক বন্ধ, নাক দিয়ে জল পড়ার মতো সমস্যা দেখা দেয়। পেট খারাপ, ডায়েরিয়া, বমিও হতে পারে শিশুর। দ্রুত শ্বাস নেওয়া, শ্বাসপ্রশ্বাসের সময় বুক ধড়ফড় করা, প্রস্রাব কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে সতর্ক হতে হবে বাবা-মায়েদের।
বিশেষজ্ঞরা বলছেন, শ্বাসনালী দিয়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ে দেহের অন্যত্রও। নিঃশ্বাস বা কাশির মাধ্যমে তা আশপাশের মানুষদেরও সংক্রামিত করে। আরএসভি ভাইরাসকে রোখার টিকা এখনও আসেনি। গত ১৫ বছর ধরে এই টিকার ওপর গবেষণা করছেন বিজ্ঞানীরা।