বিশেষজ্ঞরা বলছেন, স্তন ক্যানসারের সব উপসর্গ এতটা স্পষ্ট হয় না। অনেক সময় শরীরে এমন কিছু পরিবর্তন হয়, যেগুলো আমরা অবহেলা করে ফেলি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 August 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের যে কয়েকটি ক্যানসার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, তার মধ্যে স্তন ক্যানসার নিয়ে অনেকের মধ্যেই অবহেলা লক্ষ্য করা যায়। ‘স্তনে কোনও শক্ত লাম্প বা গাঁট নেই মানেই নিশ্চিন্ত’ - এই ধারণা আজও বহু মহিলার মধ্যে প্রচলিত।
বিশেষজ্ঞরা বলছেন, স্তন ক্যানসারের সব উপসর্গ এতটা স্পষ্ট হয় না। অনেক সময় শরীরে এমন কিছু পরিবর্তন হয়, যেগুলো আমরা অবহেলা করে ফেলি। সেটাই পরে ডেকে আনে বড় বিপদ।
মুম্বইয়ের বিশিষ্ট স্তন রেডিয়োলজিস্ট নম্রতা সিঙ্গল সাওয়ান্ত ১৫ বছর ধরে বহু ম্যামোগ্রাফি ও ব্রেস্ট স্ক্যান বিশ্লেষণ করেছেন। তাঁর অভিজ্ঞতায়, বহু রোগীই এমন লক্ষণ উপেক্ষা করে থাকেন, যেগুলো ক্যানসারের আগাম ইঙ্গিত ছিল।
এই পাঁচটি উপসর্গ কখনই অবহেলা করা উচিত নয়:
১) স্তনের চামড়া বা আকারের সূক্ষ্ম পরিবর্তন
• চামড়া টানটান হয়ে যাওয়া বা ছোট গর্ত তৈরি হওয়া
• চামড়ার গঠন যদি কমলার খোসার মতো হয়ে যায় (peau d’orange), তা হতে পারে inflammatory breast cancer-এর লক্ষণ
• এক দিকের স্তন ছোট হয়ে যাওয়া বা উল্টোভাবে অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়া, বিশেষ করে যদি হঠাৎ হয়
বিশেষজ্ঞের পরামর্শ: এই পরিবর্তনগুলো বয়সজনিত মনে করে ফেলে রাখা ঠিক নয়। এগুলোর পেছনে মারাত্মক কারণ থাকতে পারে।
২) স্তনবৃন্ত বা নিপলের যেকোনও পরিবর্তন
• একপাশ থেকে রক্তমিশ্রিত তরল বেরনো
• আগে এমন কিছু না থাকলেও হঠাৎ নিপল ঢুকে যাওয়া
• নিপলের গঠন বদলে যাওয়া, চারপাশে চামড়া ওঠা বা চুলকানি
নিপল সংক্রান্ত এসব সমস্যা অনেক সময় ডাক্টাল কার্সিনোমা ইনসিটু (ductal carcinoma in situ - DCIS), প্যাপিলোমা (papilloma) বা ইনট্রাডাক্টাল কার্সিনোমা (intraductal carcinoma)-র প্রাথমিক লক্ষণ হয়ে থাকে। উন্নত প্রযুক্তির সাহায্যে (HD আলট্রাসোনোগ্রাফি, ডিজিটাল ম্যামোগ্রাফি, MRI) এখন এগুলো আগেই ধরা সম্ভব।
৩) বগলের গাঁট বা ফোলাভাব
• স্তনের কাছে বগলের অংশেও (axillary tail) প্রাথমিক ক্যানসার দেখা দিতে পারে
• যদি কোনও গাঁট দুই সপ্তাহের বেশি থাকে, শক্ত হয় বা বাড়তে থাকে, তাহলে অবিলম্বে ইমেজিং ও বায়োপসি জরুরি
অনেক সময় দেখা গেছে, গাঁট থেকেই পরে ক্যানসার ধরা পড়েছে, অথচ স্তনে তখনও কিছু ধরা পড়েনি।
৪) স্তনের চামড়ার রঙ বদলে যাওয়া
• অনেকেই ভাবেন এটা এলার্জি বা হিট র্যাশ
• কিন্তু যদি চুলকানি, লালচে ভাব বা গরম অনুভব ১–২ সপ্তাহেও না কমে, তা হলে বিশেষজ্ঞর পরামর্শ জরুরি
ইনফ্লেমেটরি ব্রেস্ট ক্যানসার (Inflammatory breast cancer) সাধারণত এভাবেই শুরু হয়, যা আগেই ধরা না পড়লে মারাত্মক হতে পারে।
৫) কোনও উপসর্গই নেই, তবুও ঝুঁকি রয়েছে
ডাঃ নম্রতা বলেন, “বহু ক্ষেত্রেই স্তন ক্যানসার প্রথম দিকে কোনও লক্ষণ দেয় না। একমাত্র নিয়মিত স্ক্রিনিংই পারে সময় থাকতেই রোগ ধরা।”
• ভারতের Breast Imaging Society অনুযায়ী, ৪০–৭০ বছর বয়সের মধ্যে সকল মহিলার বছরে একবার ম্যামোগ্রাফি করানো উচিত
• পারিবারিক ইতিহাস বা BRCA জিন পজিটিভ থাকলে আরও আগে থেকেই স্ক্রিনিং শুরু করা উচিত
বিশেষজ্ঞরা বলছেন, নিজের শরীরের ছোটখাটো পরিবর্তনকেও গুরুত্ব দিন। সন্দেহ হলে নিজে নিজে ভাববেন না, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।