ভারতের ১০ জলপ্রপা। যেখানে এই বর্ষায় গেলে অপার শান্তির খোঁজ পাবেন আপনিও।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 June 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রায় সর্বত্র ঢুকে পড়েছে বর্ষা। ঝেঁপে বৃষ্টি হচ্ছে উত্তর থেকে দক্ষিণ। এই সময়ে বিভিন্ন জায়গায় পাহাড়ের গা বেয়ে দুর্দান্ত সব ঝরনা নেমে আসে। চারিদিকের গাছ-পালা সবুজে ভরে যায়। যারা প্রকৃতির একদম অন্যরকম রূপ দেখতে চান, তাঁরা এই সময় বেরিয়ে পড়তে পারেন। মূলত এটা অফ সিজন, তাই খরচাও তুলনামূলকভাবে কম। ভারতের ১০ জলপ্রপাতের হদিশ রইল দ্য ওয়ালে। যেখানে এই বর্ষায় গেলে অপার শান্তির খোঁজ পাবেন আপনিও।
১. দুধসাগর জলপ্রপাত, গোয়া-কর্নাটক সীমান্ত
পশ্চিমঘাটের বুক চিরে ৩১০ মিটার উপর থেকে নেমে আসা দুধসাগর জলপ্রপাত দেখতে ভিড় জমান বহু মানুষ। গোয়ার কোল্লেম বা মোল্লেম থেকে ট্রেক করে বা জিপ চড়ে পৌঁছতে পারেন এই ঝরনার কাছে।

২. যোগ জলপ্রপাত, কর্নাটক
ভারতের অন্যতম উঁচু প্লাঞ্জ ওয়াটারফল। বর্ষায় এর চারটি ধারা একসঙ্গে নামে, সৃষ্টি হয় এক অদ্ভুত দৃশ্যের। সাগর বা শিমোগা থেকে সড়কপথে পৌঁছনো যায়।

৩. নোহকালিকাই জলপ্রপাত, মেঘালয়
ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত (৩৪০ মিটার)। চেরাপুঞ্জির কাছে অবস্থিত। এখানেও প্রতি বছর বহু মানুষ আসেন। গুয়াহাটি থেকে গাড়িতে মেঘালয় পৌঁছে এই জলপ্রপাত দেখতে পারেন।

৪. অথিরাপল্লি জলপ্রপাত, কেরল
"ভারতের নায়াগ্রা" নামে পরিচিত। ৮০ ফুট উঁচু এই ঝরনা ঘিরে রয়েছে রেনফরেস্ট, হাতির চলাচলও চোখে পড়ে ভাগ্য ভাল থাকলে। কোচি থেকে ঘণ্টা দেড়েকের মধ্যে গাড়িতে এই জায়গায় পৌঁছনো যায়।

৫. শিবনাসমুদ্র জলপ্রপাত, কর্নাটক
কাবেরীর দুই ধারা গগনচুক্কি ও ভরচুক্কি নামে দু'ভাগে ঝরে পড়ে শিবনাসমুদ্র জলপ্রপাত নামে। বেঙ্গালুরু বা মাইসোর থেকে সহজেই যাওয়া যায়।

৬. চিত্রকূট জলপ্রপাত, ছত্তীসগড়
ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত। বর্ষায় এটির গর্জন বহুদূর পর্যন্ত শোনা যায়। জগদলপুর থেকে গাড়িতে পৌঁছনো যায়।

৭. সূচিপাড়া জলপ্রপাত, ওয়াইনাড, কেরল
কেরল বর্ষায় ঘোরার জন্য বেস্ট। কেরলে একাধিক পরিচিত জায়গায় লোকজন গেলেও ওয়াইনাড এখনও অফবিটের খাতায় পড়ে। এই ওয়াইনাডেই রয়েছে সূচিপাড়া জনপ্রপাত। চা-বাগান আর সবুজে ঘেরা এই ২০০ মিটার উঁচু ঝরনা ট্রেকারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কালপেট্টা থেকে খুব কাছে পড়ে এটি।

৮. কুনে জলপ্রপাত, লোনাভালা, মহারাষ্ট্র
৩ স্তরের এই জলপ্রপাত সহ্যাদ্রি পাহাড়ের বুকে অবস্থিত। বর্ষার সময়ে লোনাভালা গেলে এটি তালিকায় অবশ্যই রাখা উচিত।

৯. ভাগসু জলপ্রপাত, হিমাচল
ধর্মশালা বা ম্যাকলিওডগঞ্জ যাওয়ার পথে ছোট্ট ট্রেক করলেই মিলবে ভাগসু জলপ্রপাত। পাহাড়ি সৌন্দর্যের সঙ্গে বর্ষার মিশেল এখানে অনন্য।

১০. হেব্বে জলপ্রপাত, কর্নাটক
চিকমাগলুর বা কেম্মানগুন্ডি থেকে গাড়িতে করে পৌঁছনো যায় এই ঝরনায়। পুরোটা পথ অবশ্য গাড়ি পৌঁছয় না। কিছুটা ট্রেক করতে হয়। বর্ষায় ঝরনার ধারা দ্বিগুণ হয়ে যায়। ফলে দেখতে অপূর্ব লাগে।

এই দশটি জলপ্রপাতের মধ্যে এক বা একাধিক জায়গায় ঘুরে আসতে পারেন এবার বর্ষায়। পাহাড়, সবুজের ঘেরা জঙ্গল, মেঘের আনাগোনা আর বৃষ্টি দেখে চোখ জুড়িয়ে যাবে।
শুধু মাথায় রাখতে হবে, এই সময় ঘুরতে গেলে বিশেষ করে ঝরনা দেখতে গেলে রেইন কোট ও ওয়াটারপ্রুফ ব্যাগ, ভাল গ্রিপযুক্ত ট্রেকিং শু, লাঠি (প্রয়োজনে লাগতে পারে) ও ছাতা সঙ্গে রাখতে হবে।