
শেষ আপডেট: 29 October 2023 21:18
দ্য ওয়াল ব্যুরো: সব বাঙালি বাড়িতেই সপ্তাহে পাঁচ দিন মাছ মাংস হলেও দুদিন ভেজ হবেই। মায়ের শনিবার আমিষ খাওয়া যাবে না আর ঠাম্মার মঙ্গলবারে আমিষ খেলে অমঙ্গল হবে শুনতে হয় নিশ্চয়। কিন্তু নিরামিষ রান্নায় কী আর সেই স্বাদ পাওয়া যায়, এমনটাই ভাবেন সবাই। চিন্তা নেই, এমন একটা রেসিপির সন্ধান নিয়ে এসেছি যেটা খেলে কেউ বুঝবেই না যে ওটা আমিষ না নিরামিষ।
উপকরণ -
পনির (টুকরো করে কাটা)
আলু ১ টা (টুকরো করে কাটা)
গোটা গরম মশলা
আদা বাটা
লঙ্কা বাটা
টমেটো বাটা
ধনেপাতা কুচি
নুন
চিনি
অল্প একটু টক দই
গোলমরিচ গুঁড়ো
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
বেসন
হলুদ গুঁড়ো
পদ্ধতি -
প্রথমেই কেটে রাখা পনির আর আলুগুলোতে ভাল করে নুন, চিনি, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে অল্প একটু বেসন নিয়ে তাতে একটু নুন আর সামান্য জল দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। একটা কড়াইতে কিছুটা ভাজার মত তেল দিয়ে সেটা গরম হতে দিন। তেল গরম হয়ে এলে আলুর টুকরোগুলোকে আগে দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই বেসনের মধ্যে পনিরের টুকরোগুলোকে চুবিয়ে চটপট করে ভেজে তুলে নিন।
তারপর ওই কড়াইতে আরও একটু তেল গরম করে নিন, তাতে প্রথমেই গোটা গরম মশলাগুলো দিয়ে দিন। সুন্দর একটা গন্ধ বেরোলে একে একে আদা বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা দিয়ে ভাল মতো নাড়াতে থাকুন। মশলাটা একটু কষে এলে তাতে দিয়ে দিন গুঁড়ো মশলাগুলো। নাড়াচাড়া করে কিছুক্ষণ অল্প আঁচে ঢাকা দিয়ে দিন। এবার ৫ মিনিট পরে ঢাকনা খুলে তাতে দিয়ে দিন টক দই আর পরিমাণমতো নুন, চিনি।
এবার পুরো মিশ্রণটা ভাল করে কষাতে থাকুন প্রয়োজন হলে অল্প করে জলও দিতে পারেন। মিশ্রণটা সুন্দর ভাবে কষে এলে দেখবেন মশলা থেকে একটা তেল ছাড়বে তখনই ভেজে রাখা আলু আর পনিরের টুকরোগুলো দিয়ে দিন।
আলগা হাতে নাড়াচাড়া করে তারপর অল্প একটু জল দিয়ে আরও ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিন। ঢাকনা খুলে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে মাখো মাখো গ্রেভি সমেত পরিবেশন করুন গ্রেভি পনির।
গরম গরম ভাত বা রুমালি রুটির সঙ্গে জমিয়ে খান এই দুর্দান্ত রেসিপি।