
শেষ আপডেট: 4 June 2022 14:30
অপরাজিত রায় নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঋজু দৃঢ় ব্যক্তিত্বের জিতু কমলের (Jeetu Kamal) মুখ। যার পরতে পরতে মিশে আছেন কিংবদন্তি সত্যজিৎ রায়।

শহর জুড়ে শুধু জিতু কমলের (Jeetu Kamal) সত্যজিৎ রায় লুকে সাদা-কালো পোস্টার। 'অপরাজিত' ছবি ও জিতু কমল বাংলা ছাড়িয়ে বিশ্বের দরবারে আজ সমাদৃত ও জনপ্রিয়। সিরিয়াল অভিনেতা জিতু আজ স্টার জিতু কমল। ভারতজোড়া তাঁর ফ্যান ফলোয়ার। অপরাজিত রায় ওরফে সত্যজিৎ রায় রূপে এত নিখুঁত অভিনয় করেছেন জিতু যে তাঁকে দেখেই লোকে ভাবছে চোখের সামনে জীবন্ত সত্যজিৎ হাজির। প্রশংসার জোয়ারে ভেসে যাচ্ছেন জিতু। বর্তমানে স্টারডমে জিতুর কাছে হার মেনেছেন টলিউডের প্রথম সারির হিরোরাও।

সেই জিতু কমল (Jeetu Kamal) বাস্তবে কতটা স্টারডম মেনন্টেন করে চলছেন জানতে ইচ্ছে করে? আগামীকাল তো জামাইষষ্ঠী (Jamai Sasthi)। সেলেবদের জামাই আদর দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন দর্শকরা। এখনকার টক অফ দ্য টাউন জিতু কমল তাঁর এবারের জামাইষষ্ঠী কী ভাবে কাটাবেন?
জিতু-নবনীতা গাঁটছড়া বেঁধেছেন বেশ কয়েক বছর আগে। জিতু (Jeetu Kamal) যদি সত্যজিৎ রায় রূপে জনপ্রিয় হন তাহলে নবনীতাও 'মা তারা' রূপে সারা বাংলার জনপ্রিয় মুখ। যাঁর অভিনয়ে, আধ্যাত্মিক চেতনায় মুগ্ধ ছোট পর্দার দর্শকরা। সাম্প্রতিককালে এই সেলিব্রিটি জুটিকে একসঙ্গে দেখাও যাচ্ছে একটি রিয়্যালিটি শোতে।

জিতু কমল (Jeetu Kamal) স্টারডম বা তারকাসুলভ আচরণে একদমই বিশ্বাসী নন। কাজটাই শুধু ভাল করে করতে চান। ভাল রেজাল্ট করলে যেমন আনন্দ হয় সেটা জিতুর আছেই। পরে কোনও ভাল চরিত্র পেলে ভাল টিম পেলে এমন ভাল করেই করতে চাইছেন জিতু। তাই নিজেকে স্টার ভাবতে একদমই বিশ্বাসী নন।

জামাইষষ্ঠী সে অর্থে জিতুর হয়নি কোনওবারই। নবনীতাদের বাড়িতে ষষ্ঠীর দিন ছোট একটা পুজো হয়। নবনীতা যান ব্যস এটুকুই। এমনিতেই জিতু জন্মদিন, মুখেভাত, জামাইষষ্ঠী এসব নিয়ে খুব একটা বাড়াবাড়ি করেন না। জিতুর নিজের জন্মদিনও বড় করে পালন করা হয় না। এসব বাহ্যিক আড়ম্বরে বিশ্বাসী নন তিনি। বাকি সেলিব্রিটি জুটিদের মতো জিতুর জামাইষষ্ঠী নিয়ে মাতামাতি কিছু নেই। এবারও কোনও প্ল্যান নেই। অনেকেই ভাবছেন 'অপরাজিত' রিলিজ করাতে জিতু কমলের (Jeetu Kamal) স্টারডম বেড়ে গেছে, জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় নাকি জামাইষষ্ঠী ধূমধাম করে উদযাপন করবেন 'মানিক রাজার পদ' খেয়ে। নাহ একদমই নয়। আগামীকাল জামাইষষ্ঠীতে একেবারেই সেরকম কোনও পরিকল্পনা নেই জিতুর।

জিতু ঘরণী নবনীতা 'দ্য ওয়াল'কে জানালেন, "বিয়ের প্রথম বছরও আমাদের জামাইষষ্ঠী হয়নি। কারণ আমারা সে বার হানিমুনে গেছিলাম। পরের কয়েক বছর তো লকডাউন আর করোনা আবহে জিতু আমার মায়ের কাছে জামাইষষ্ঠী করতে আসতে পারেনি। তাই আমাদের বাড়ি কোনওদিনই জিতুর জামাইষষ্ঠী হয়নি। এবার তো জিতু আরও ব্যস্ত, তাই এবারও ওঁর পক্ষে শ্বশুরবাড়ি আসা সম্ভব হবে না।"

দুই পরিবারও পারিবারিক অনুষ্ঠান, রীতি-নীতি খুব একটা প্রচারের আলোয় আনতে চায় না।