
শেষ আপডেট: 7 November 2023 11:52
দ্য ওয়াল ব্যুরো: পুজো শেষ, লক্ষ্মীপুজোও হয়ে গেল। এবার সামনে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো। এই সব পুজোতে একটা জিনিস কিন্তু কমন আর সেটা হল পেটপুজো। সাধারণ চিকেন কষা, চিকেনের ঝোল তো অনেক খেয়েছেন কিন্তু চিকেন কুড়মুড়ে কী কখনও খেয়েছেন। অথচ বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু চিকেনের স্টার্টার আইটেম। রইল রেসিপি।
উপকরণ -
চিকেন (ছোট টুকরো টুকরো করা)
লেবুর রস
গোলমরিচ গুঁড়ো
নুন
চিনি
আদা, রসুন আর লঙ্কা বাটা
পেঁয়াজ বাটা
ময়দা
ডিম
পেঁয়াজ কুঁচি
রসুন কুঁচি
সোয়া সস
টমেটো সস
পদ্ধতি -
প্রথমেই চিকেনের ছোট ছোট টুকরা গুলোকে একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপর সেই পাত্রে লেবুর রস, নুন গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন ও লঙ্কা বাটা দিয়ে ভালো মতো মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। অন্য আরেকটি পাত্রে ময়দা নিতে হবে। আলাদা একটা জায়গায় চিকেনের পরিমাণ অনুযায়ী ডিম ও পরিমাণ মতো নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার চিকেনের টুকরোগুলোকে একবার ডিমের মিশ্রণে চুবিয়ে নিন, তারপর ময়দার মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিন চিকেনের গায়ে। এভাবে প্রত্যেকটা টুকরো ডিম আর ময়দার কোট করে একটা জায়গায় সাজিয়ে নিন। এবার কড়াইতে তেল ভালো করে গরম করে নিতে হবে, তেল গরম হয়ে গেলে আঁচ কমিয়ে দিয়ে তাতে চিকেনের টুকরোগুলোকে ভাল করে ভেজে তুলে রাখুন।
কড়াইতে থাকা তেল কিছুটা সরিয়ে রেখে দিন। একটু আঁচ বাড়িয়ে দিন, তেল গরম হয়ে এলে তাতে এক এক করে লঙ্কা কুঁচি, পেঁয়াজ কুঁচি আর রসুন কুঁচি দিয়ে ভাল করে নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে পরিমাণমতো নুন, একটু চিনি দিয়ে নেড়ে নিন। এবার তাতে এক টেবিল চামচ সোয়া সস আর টমেটো সস দিয়ে দিন। একটু সতে করে তাতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভাল করে মিশিয়ে নিন যাতে চিকেনের গায়ে সসটা ভাল করে লেগে যায়।
ব্যাস এবার গরম গরম পরিবেশন করুন চিকেন কুড়মুড়ে।
একটু ঠান্ডার দিনে কফি বা ধোঁয়া উঠা চায়ের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগবে এই চিকেনের রেসিপি।